ইসরায়েল-হামাস সংঘাতে কূটনীতিতে বেকায়দায় ভারত
হামাস-ইসরায়েল সংঘাত এমন সময়ে ঘটেছে, যখন চীনকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টায় ছিল ভারত।
ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আচমকা হামলা এবং এর বদলায় গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় কার্যত দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে বিশ্ব।
এক শিবির হামাসের আক্রমণকে ‘সন্ত্রাসী’ হামলা আখ্যা দিয়ে এর কড়া নিন্দা জানিয়েছে। আর আরেক শিবির বলছে, ফিলিস্তিনে ইসরায়েল যে দমনপীড়ন চালিয়ে এসেছে, তাতে এ হামলা প্রত্যাশিতই ছিল।
এই বিভক্তির মধ্যে ভারত পড়েছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। হামাস-ইসরায়েল সংঘাত এমন একটি সময়ে ঘটেছে, যখন চীনকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছিল ভারত।
ইসরায়েল এবং সৌদি আরবকে নিয়ে নতুন আঞ্চলিক জোট গঠনের পথে ছিল দেশটি। আর ঠিক সে সময়েই ইসরায়েল-হামাস সংঘাতে এ উদ্যোগ কেবল ধাক্কাই খায়নি, কুটনৈতিক দিক থেকেও বেজায় বেকায়দায় পড়েছে ভারত।
ইসরায়েল-গাজা যুদ্ধে ভারতের প্রতিক্রিয়া:
গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে হামাসের রকেট হামলার পরই, ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)- এ মোদী বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলার খবরে তিনি গভীরভাবে মর্মাহত’। নিহতদের পরিবারের জন্য সমবেদনা জানানোর পাশাপাশি কঠিন এই সময়ে ইসরায়েলের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেন তিনি।
ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে ভারতের জনমতেও দেখা গেছে বিভক্তি। একপক্ষ সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, আরেক পক্ষ ফিলিস্তিনিদের অধিকার আর লড়াইয়ের প্রশ্ন তুলেছেন। জনমতের এই বিভক্তির মধ্যে প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের পক্ষেই স্পষ্ট বার্তা দিয়েছেন।
ভারতের এই অবস্থানের পেছনে অবশ্য দেশটির আঞ্চলিক প্রতিযোগী চীন এবং পাকিস্তানের অবস্থান গুরত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারে। পাকিস্তান যেখানে সহিংসতার জন্য ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে দায়ী করেছে, তখন চীন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত -সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উপসাগরে ভারতের আগ্রহ:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের সময় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের কথা ঘোষণা হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েল এবং গাজার মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মোদী তখন বলেছিলেন, এই প্রকল্প কয়েক শতাব্দী ধরে বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে থাকবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের পাল্টা প্রকল্প হিসেবেও দেখা হচ্ছিল প্রস্তাবিত এই করিডোরকে।
ফলে এই করিডোরের সফলতার জন্য সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্র কয়েকবছর ধরেই সে চেষ্টা চালিয়ে এসেছে। ওদিকে, ভারতও গত কয়েক বছরে সৌদি আরবের পাশাপাশি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে।
পিছু হঠছে সৌদি আরব
ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ থেকে পিছু হঠছে সৌদি আরব। ইসরায়েলে হামাসের হামলা স্পষ্টতই রিয়াদের জন্য একটি বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।
সৌদি আরবের পক্ষ থেকে অবিলম্বে ইসরায়েল-গাজা সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে রিয়াদ বলেছে, ফিলিস্তিনের জনগণকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করা এবং বেআইনি দখলদারিত্বর জন্যই এ বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে ইঙ্গিত সুস্পষ্ট। আর তা হচ্ছে, ফিলিস্তিনের স্বার্থকে উপেক্ষা করে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। ফলে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের ভবিষ্যত এখন পড়েছে অনিশ্চয়তায়।
ভারতে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদীর আমলে সৌদি আরবের সঙ্গে দেশটির সম্পর্ক উন্নত হয়েছে। দুপক্ষে অনেক সফর হয়েছে|স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল (এসপিসি) চুক্তিও সই হয়েছে। তার ওপর জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশরে মোদীর সফর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতের উপস্থিতি বজায় রাখার আগ্রহকেই সামনে নিয়ে এসেছে।
মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকারের বিষয় বেশিরভাগক্ষেত্রেই বাণিজ্য সংক্রান্ত ছিল। কিন্তু এখন ভারতের অগ্রাধিকার এর গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হয়েছে কৌশলগত এবং রাজনৈতিক ক্ষেত্রেও। এটি চীনকে মোকাবেলা করা এবং বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসাবে ভারতের আবির্ভূত হওয়ারই চেষ্টা।
ইসরাইল বনাম ফিলিস্তিন এবং ভারত:
স্বাধীনতার পর থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে গেছে। ১৯৪৮ সালেই জাতিসংঘ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ভারত তখন তা মানেনি। অবশেষে ১৯৫০ সালে প্রথম ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত। এই দেরির পেছনে নানা কারণ ছিল।
ধর্মের ভিত্তিতে দেশভাগের ভয়াবহতার সাক্ষী হয়েছিল ভারত। সেকারণে, ভারত ধর্মের ভিত্তিতে দুই দেশ গঠনের বিরোধিতা করেছিল। আরব মিত্রদের অনুভূতিতেও আঘাত দিতে চাননি ভারতের সেই সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
তবে ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও দেশটির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক ছিল না। বরং তখনকার ভারত সরকারে যারা ছিলেন তারা সমর্থন করেছিলেন ইয়াসির আরাফতের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-র আন্দোলনকে। ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সরকার ফিলিস্তিনের এই আন্দোলনকেই সমর্থন দিয়ে গিয়েছিলেন।
কিন্তু এই সমর্থন ঘরেই সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে আরব বিশ্ব যখন ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেয় এবং ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেয় তখন।
তাছাড়া, ইরাকের কুয়েত আক্রমণ এবং সোভিয়েত ইউনিয়নের পতন – এ দুই ঘটনায় ভারতের মধ্যপ্রাচ্য কৌশলে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ইরাকের তখনকার শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন করেছিল পিএলও। অন্যদিকে, সোভিয়েতের পতনে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। ফলে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’ দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য নীতি বদলাতে বাধ্য হয় ভারত।
১৯৯২ সালে ভারত প্রথম ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। অটলবিহারী বাজপেয়ীর বিজেপি সরকারের আমলে ভারত-ইসরায়েল ঘনিষ্ঠতা বেড়েছিল। বিশেষ করে কার্গিল যুদ্ধের সময়, ভারতকে জরুরি সামরিক সহায়তা দিয়েছিল ইসরায়েল। এরপর ইসরায়েল হয়ে ওঠে ভারতের প্রয়োজনের বন্ধু।
তবে তারপরও ভারত প্রকাশ্যেই ফিলিস্তিনকে সমর্থন করে গেছে। ২০১৪ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ফিলিস্তিনের আন্দোলনকে পূর্ণ সমর্থন দেয় ভারত আর ইসরায়েলের সঙ্গেও ভারত সুসম্পর্ক বজায় রেখেছে।
২০১৮ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভারত স্বাগতও জানিয়েছিল। আব্বাসের নেতৃত্বাধীন দল ফাতাহ পশ্চিম তীরের শাসনক্ষমতায় আছে। আর হামাস আছে গাজার শাসনক্ষমতায়। যেখাস থেকে ইসরায়েলে হামাসের সশস্ত্র যোদ্ধারা হামলা চালিয়েছে।
ভারতের বর্তমান চ্যালেঞ্জ:
চলমান ইসরায়েল-গাজা সহিংসতা এ অঞ্চলে ভারতের বড় ধরনের প্রসারের ক্ষেত্রে হুমকি সৃষ্টি করেছে এবং দেশটি এই সংঘাতে একটি পক্ষকে বেছে নিতে বাধ্য হয়েছে। বাণিজ্য এবং কৌশলগত স্বার্থের বিবেচনায় যা নয়াদিল্ল করতে ইচ্ছুক নয়।
ইউক্রেইন যুদ্ধের ক্ষেত্রে গোটা বিশ্ব যখন কোনও একটি পক্ষ বেছে নিয়েছে, ভারত তখন নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। সহিংসতা পরিহার করে দুই পক্ষকেই আলোচনার টেবিলে বসতে বলেছে। আবার, সরাসরি রাশিয়ার বিরোধিতাও করেনি। বরং, মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছে। মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়া থেকে তেল কিনে ভারত সমালোচিতও হয়েছে।
কিন্তু, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপট সেই তুলনায় আরও অনেক জটিল। একদিকে, সৌদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আবার ইসরায়েল থেকেই সবথেকে বেশি অস্ত্র কেনে ভারত। ফলে ইসরায়েল-হামাস সংঘাতের এ সময়ে যেন একটি দড়ির উপর দিয়েই চলত হচ্ছে ভারতকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েল সফর করেছিলেন মোদী। পরের বছর আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানয়াহু ভারতে পাল্টা সফর করেন।
এই ঊষ্ণ সম্পর্কের মাঝে খুব সতর্ক পদক্ষেপেই পা ফেলতে হচ্ছে ভারতকে। একটি ভুলেই যে কোনও পক্ষের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে। তাই এ মুহূর্তে কূটনৈতিক দিক দিয়ে অনেকটা বেকায়দাতেই আছে ভারত।
সংবাদসূত্র: এনডিটিভি
