বাড়িতে পড়ে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার কালীঘাটের বাড়িতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নগরীর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি কপালে ‘বড় ধরনের’ আঘাত পেয়েছেন। কপালে তিনটি আর নাকে একটি সেলাই লেগেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটের বাড়িতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নগরীর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তার ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যানসহ বেশি কিছু পরীক্ষাও করানো হয়। চিকিৎসকরা তাকে রাতটি হাসপাতালে থেকে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বাড়িতে ফিরে যান। জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যম এক্স এ মমতার কয়েকটি ছবি শেয়ার করেছে। এর একটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কপালে গভীর ক্ষত নিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়, ওই ক্ষত থেকে রক্ত ঝড়ছিল।
ছবির সঙ্গে করা পোস্টে দলটি বলেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় ধরনের আঘাত পেয়েছেন। তার জন্য প্রার্থনা করবেন।”
এসএসকেএম হাসপাতালের পরিচালক মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘পেছন থেকে ধাক্কা’ লাগার কারণে মমতা পড়ে গিয়েছিলেন। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন ও কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকরা মমতাকে দেখেছেন।
বাড়ি ফিরে গেলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। শুক্রবার ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে মণিময়ের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
