যুক্তরাষ্ট্রের চাপে সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি
গত শনিবার থেকে সুদানের সামরিক বাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ-র মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে।
সুদানে সোমবার যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের একটি গাড়িবহরে হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন একে ‘বেপরোয়া কাজ’ বলে বর্ণনা করেন। যদিও ওই হামলায় কেউ আহত হয়নি।
তবে সুদানে লড়াই থামাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চাপের মুখে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের কমান্ডাররা মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছেন।
গত শনিবার থেকে সুদানের সামরিক বাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তুমুল লড়াই শুরু হয়েছে।
এ লড়াইয়ে মাত্র তিনদিনে ১৮৫ জন নিহত হয়েছেন। ১৮শ’র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
রাজধানী খার্তুমসহ আশেপাশের কয়েকটি নগরীতে বিমান হামলা, গোলা বর্ষণ এবং ছোট ছোট ভারি অস্ত্র নিয়ে তুমুল লড়াই চলছে।
সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই রাজধানী খার্তুমের দখল নেওয়ার দাবি করেছে।
সোমবার মার্কিন কূটনীতিকদের গাড়িবহরে হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, ‘‘এটি খুবই বেপরোয়া কর্মকাণ্ড। দায়িত্বজ্ঞনহীনতার পরিচয় এবং অবশ্যই অনিরাপদ।”
জি৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থান করছেন ব্লিনকেন।
শুধু যুক্তরাষ্ট্রের গাড়ি বহরে নয়, তার আগে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অ্যাইডেন ও’হারা খার্তুমে তার নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
যদিও ও’হারা ‘গুরুতর আঘাত’ পাননি বলে নিশ্চিত করেছন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ও’হারার উপর হামলাকে ‘কূটনীতিকদের সুরক্ষা আইনের বড় ধরনের লঙ্ঘন’ বলে বর্ণনা করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের গাড়িবহরে হামলার পর ব্লিনকেন নিজে আলাদা আলাদা করে সুদানের সেনাপ্রধান এবং আরএসএফ প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, ‘‘বেসামরিক নাগরিকদের নিরাপদ পথচলা এবং আহতদের সরিয়ে নেওয়ার জন্য আরএসএফ ২৪ ঘন্টার যুদ্ধবিরতি অনুমোদন করেছে।”
গত শনিবার লড়াই শুরু হওয়ার পর থেকে দাগালো কোথায় আছেন তা কেউ জানে না।
ব্লিনকেন জানিয়েছেন, তারা প্রাথমিকভাব যে তথ্য পেয়েছেন, তাতে যারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের গাড়িবহরে হামলা চালিয়েছে তারা আরএসএফ সংশ্লিষ্ট বাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকেও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি পালনের কথা জানানো হয়েছে।
সুদানের বর্তমান সামরিক পরিষদের একজন সদস্য আর্মি জেনারেল শামস এল-দিন কাব্বাশি আল অ্যারাবিয়া টিভিকে বলেন, ‘‘স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে (জিএমটি ১৬:০০) ওই যুদ্ধবিরতি শুরু হবে এবং ২৪ ঘণ্টা পার হওয়ার পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না।”
সুদানের এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা ওই অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দেবে বলে সতর্ক করে কাব্বাশি আরও বলেন, ‘‘দুই প্রতিবেশী দেশ আরএসএফকে সহায়তার চেষ্টা করছে।” তবে তিনি ওই দুই দেশের নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার সকালেও রাজধানী খার্তুম জুড়ে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া, আকাশে যুদ্ধবিমান উড়েছে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণও হয়েছে।
খার্তুমের পাশের নগরী ওমদুরমান এবং বাহরিতেও স্থানীয়রা আকাশ হামলার কথা জানিয়েছেন।
সংঘাত সুদানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস’ এবং ‘রেড ক্রিসেন্ট সোসাইটিস’ এর পক্ষ থেকে বলা হয়, বর্তমানে রাজধানী খার্তুমের যা অবস্থা সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়ার দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছে দাতব্য চিকিৎসা সংস্থা দুটি।
