২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাবিকদের উদ্ধারে ‘সময় ‍ফুরিয়ে আসছে’

নিয়মিত টহল চলাকালে এভাবে কোনো জাহাজের বিপর্যয়ের কবলে পড়াকে ‘অস্বাভাবিক’ বলছেন অনেক নৌ বিশেষজ্ঞ।

ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাবিকদের উদ্ধারে ‘সময় ‍ফুরিয়ে আসছে’

ছবি থাই নৌবাহিনী/টুইটার থেকে

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 06:23 PM

Updated : 20 Dec 2022, 06:28 PM

থাইল্যান্ডের ডুবে যাওয়া একটি যুদ্ধজাহাজের নিখোঁজ ২৯ নাবিকের সন্ধানে দ্বিতীয় দিনও থাইল্যান্ড উপসাগর চষে বেড়িয়েছেন উদ্ধারকারীরা।

রোববার রাতে ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর থাইল্যান্ডের দক্ষিণপূর্ব উপকূলে ডুবে যাওয়ার সময় এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটিতে ক্রু-র সংখ্যা ছিল ১০৫।

উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৭৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে ঝঞ্ঝাবিহ্বল দুই রাত সমুদ্রে কাটানোর পর মঙ্গলবার উদ্ধার হওয়া এক নাবিকও আছেন বলে জানিয়েছে বিবিসি।

জাহাজটির প্রায় এক তৃতীয়াংশ এখনও নিখোঁজ; এই যুদ্ধজাহাজডুবির ঘটনায় কারও মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি থাই নৌবাহিনী।

নিখোঁজদের সন্ধানে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নিরবচ্ছিন্ন অনুসন্ধান কাজ চালাতে থাই নৌ ও বিমানবাহিনী মঙ্গলবার কয়েকশ কর্মকর্তার পাশাপাশি নৌবাহিনীর চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও মোতায়েন করে।

নৌবাহিনীর এক কমান্ডার এর আগে বলেছিলেন, সমুদ্রে নিখোঁজদের জীবিত উদ্ধারে হাতে সর্বোচ্চ দুই দিনের মতো সময় আছে।

“লাইফ জ্যাকেট, বয়া এবং তাদের (নাবিক) ভেসে থাকার কৌশল আমাদেরকে তাদের জীবন বাঁচাতে ৪৮ ঘণ্টার মতো সময় দিচ্ছে। তাই মঙ্গলবার পর্যন্ত সময় আছে। তাদেরকে উদ্ধারে আমরা সাধ্যমতো সব কিছু করবো,” বলেছিলেন ভাইস অ্যাডমিরাল পিচাই লোরচুসাকুল।

তার ওই বক্তব্যের পর একাধিক ক্লান্ত এমনকী কাউকে কাউকে অচেতন অবস্থায়ও উদ্ধার করা হয়েছে।

“আমরা এই লোককে বয়া ধরে রাখা অবস্থায় পেয়েছি, তিনি সমুদ্রে প্রায় ১০ ঘণ্টা ধরে ভেসে ছিলেন,” মঙ্গলবার একজনকে উদ্ধার করে জানান ক্যাপ্টেন কোরাউয়ি-পাপারউইত।

“উদ্ধার ওই ব্যক্তির জ্ঞান আছে। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন। সমুদ্রের পানি লাগায় তার চোখে জ্বালাপোড়া হচ্ছিল,” বলেছেন তিনি।

বেশকিছু নাবিককে একটি ভেলা থেকেও উদ্ধার করা হয়; ওই নাবিকরা ডুবে যাওয়া জাহাজ থেকে লাফিয়ে ভেলায় উঠে পড়েছিলেন।

টুইটারে থাই নৌবাহিনীর শেয়ার করা ছবি ও ফুটেজে উদ্ধার নাবিকদের কম্বলে জড়িয়ে নিতে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

৭৬ মিটার লম্বা কর্ভেট এইচটিএমএস সুখোথাই দক্ষিণপূর্ব থাইল্যান্ডের পূর্ব অংশে তার নিয়মিত টহলের দ্বিতীয় দিন রোববার রাতে ওই ঝড়ের কবলে পড়ে।

ঝড়ের মধ্যে পানি জাহাজের হালে এবং পরে বিদ্যুৎ নিয়ন্ত্রণে রুমে ঢুকে পড়লে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অকার্যকর হয়ে যায়।

খবর পেয়ে নৌবাহিনীর আরও কয়েকটি জাহাজ ছুটে গেলেও এইচটিএমএস সুখোথাই পুরোপুরি ডুবে যাওয়ার আগে কেবল এইচটিএমএস ক্রাবুরি ফ্রিগেটই তার কাছে পৌঁছাতে পারে।

থাইল্যান্ডের নৌবাহিনী পরে জানায়, এ ধরনের পরিস্থিতিতে এর আগে কখনোই কোনো জাহাজ হারায়নি তারা।

তারা এ জাহাজডুবির ঘটনা তদন্তেরও ঘোষণা দিয়েছে।

তবে অনেক নৌ বিশেষজ্ঞই নিয়মিত টহল চলাকালে এভাবে কোনো জাহাজের বিপর্যয়ে পড়াকে ‘অস্বাভাবিক’ বলছেন।

ইঞ্জিন রুমের মতো গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে যেন পানি না ঢুকে তা নিশ্চিত করতে জাহাজের অনেক কম্পার্টমেন্টেই পানিনিরোধী দরজা থাকে, সে হিসেবে এই ঘটনা ‘সত্যিই অস্বাভাবিক’, বলেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নৌআইন বিশেষজ্ঞ ডেভিড লেটস।

রাতে দুর্যোগের কবলে পড়ায় সেসময় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন, এবং পরবর্তীতে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বা ভেলা বের করার বিধিও অনুসরণ করা যায়নি বলে ধারণা অনেকের।

কী করে জাহাজটিতে পানি ঢুকলো এবং নাবিকরা কেনইবা পানিতে লাফিয়ে পড়তে বাধ্য হলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি কোম্পানির বানানো এই এইচটিএমএস সুখোথাই ১৯৮৭ সালে থাই নৌবাহিনীতে যুক্ত হয়।