যুদ্ধ পরবর্তী গাজা শাসনে আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষে রদবদল চায় যুক্তরাষ্ট্র
হামাস-ইসরায়েল যুদ্ধের নীরব দর্শক ও অজনপ্রিয় ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসই এখন হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের শেষ ভরসা।
হামাস-ইসরায়েল যুদ্ধের নীরব দর্শক ও অজনপ্রিয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে যুদ্ধপরবর্তী গাজার শাসনক্ষমতা হস্তান্তরের চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র।
৮৮ বছর বয়সী এই পৌঢ়ই এখন গাজায় যুদ্ধের পর ভূখণ্ডটিকে শাসন করার জন্য তার ফিলিস্তিন কর্তৃপক্ষকে যথেষ্ট রদবদল করে নিতে পারেন- এই আশায় শীর্ষ মার্কিন কর্মকর্তারা সম্প্রতি কয়েক সপ্তাহে আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীর সফর করেছেন।
ইসরায়েলের সঙ্গে ১৯৯৩ সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আশা জাগানিয়া অসলো শান্তি চুক্তির স্থপতি ছিলেন মাহমুদ আব্বাস। কিন্তু অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন বন্ধে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে এসেছে। ক্ষুন্ন হয়েছে তার বৈধতাও।
অনেক ফিলিস্তিনিই এখন তার প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত, অগণতান্ত্রিক এবং ধরাছোঁয়ার বাইরে বলে মনে করে।
কিন্তু গত ৭ অক্টোবরের ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, তিনি চান ফিলিস্তিন কর্তৃপক্ষে রদবদলের মধ্য দিয়ে নবশক্তি সঞ্চার হোক এবং গাজায় যুদ্ধ শেষ হলেই পশ্চিম তীরের সঙ্গে একযোগে সেখানকারও শাসন পরিচালনার দায়িত্ব নিক এই কর্তৃপক্ষ।
২০০৫ সাল থেকে পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) এর শাসন পরিচালনা করে আসছেন আব্বাস।
বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান গত শুক্রবার আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষে দ্রুত রদবদলের আহ্বান জানিয়েছেন তিনি।
সালিভানই সর্বসাম্প্রতিক ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আব্বাসকে এই পরিবর্তনের আহ্বান জানালেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নভেম্বরের শেষ দিকে ফিলিস্তিনি এই নেতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছিলেন, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সুশীল সমাজের ক্ষমতায়ন এবং একটি মুক্ত সংবাদপত্রকে সমর্থনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
তিন ফিলিস্তিনি এবং একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা এই আলোচনার বিষয়ে ব্রিফিং দিয়ে বলেছেন, রুদ্ধদ্বার ওই বৈঠকে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবে ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপর আব্বাসের কিছু নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়টিও থেকে থাকবে।
কয়েকটি ফিলিস্তিনি ও আঞ্চলিক সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবের আওতায় আব্বাস একজন উপপ্রধান নিয়োগ করতে পারেন, তার প্রধানমন্ত্রীর হাতে বৃহত্তর নির্বাহী ক্ষমতা তুলে দিতে পারেন এবং সংগঠনের নেতৃত্বে নতুন মুখ আনতে পারেন।
রামাল্লায় বার্তা সংস্থা য়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে আব্বাস বলেছেন, তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষকে নতুন নেতা দিয়ে পুনর্গঠন করা এবং নির্বাচন অনুষ্ঠান করতে প্রস্তুত। ২০০৬ সালে হামাস সর্বশেষ ভোটে জয়লাভ করার পর ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) গাজা থেকে উৎখাত হওয়ার সময় থেকে নির্বাচন বন্ধ হয়ে আছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আব্বাস সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন, “সমস্যাটি ফিলিস্তিনি রাজনীতিবিদদের পরিবর্তন করা কিংবা একটি নতুন সরকার গঠন করা নয়, সমস্যাটি হচ্ছে, ইসরায়েল সরকারের নীতি।”
আব্বাস তার দীর্ঘ শাসনের সমাপ্তি ঘনিয়ে আসছে সেকথা হয়ত মেনে নেবেন। তারপরও তিনি এবং অন্যান্য ফিলিস্তিনি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান কৌশলগত মিত্র। তাই যুক্তরাষ্ট্রকেই গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের নেতানিয়াহুর সরকারকে চাপ দিতে হবে।
