তুমুল বৃষ্টিতে বন্যা কানাডায়, নিখোঁজ ৪
নোভা স্কশিয়ার অসংখ্য সড়ক ভেসে গেছে, অনেক সেতু দুর্বল হয়ে পড়েছে; প্রদেশটির অনেক এলাকায় জরুরি অবস্থাও জারি হয়েছে।
কানাডার নোভা স্কশিয়ায় টানা বর্ষণে সৃষ্ট বন্যায় দুই শিশুসহ চারজন নিখোঁজ বলে খবর দিয়েছে সেখানকার পুলিশ।
কর্মকর্তারা বলছেন, আটলান্টিক অঞ্চলে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যা হাজার হাজার বাড়িঘরকে বিদ্যুৎহীন করে রেখেছে।
কিছু এলাকায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় নিখোঁজদের জন্য উদ্ধার কার্যক্রমে বাসিন্দাদের যুক্ত না হতে অনুরোধ করা হয়েছে।
বন্যার পানিতে নিমজ্জিত একটি গাড়িতে থাকা ২ শিশু নিখোঁজ রয়েছে; অন্য তিন আরোহী গাড়িটি থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ডুবে যাওয়া আরেকটি গাড়িরও দুইজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ গাড়ি থেকেও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বন্যায় নোভা স্কশিয়ার অসংখ্য সড়ক ভেসে গেছে, অনেক সেতু দুর্বল হয়ে পড়েছে; প্রদেশটির অনেক এলাকায় জরুরি অবস্থাও জারি হয়েছে।
“আতঙ্কজনক, ভয়াবহ পরিস্থিতিতে আছি আমরা। বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অকল্পনীয়,” বলেছেন নোভা স্কশিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন।
ক্ষতিগ্রস্ত অন্তত ৭টি সেতুর প্রতিস্থাপন বা পুনর্নির্মাণ লাগবে, বলেছেন তিনি।
বন্যার পানি নামতে আরও কয়েকদিন লেগে যাবে বলেও অনুমান তার।
বন্যায় প্রদেশটির বিস্তৃত অঞ্চলের মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, এক পর্যায়ে ৮০ হাজারেরও মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বন্যায় তিনি উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার প্রদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, নোভা স্কশিয়ার পূর্বাঞ্চলের কিছু এলাকায় টানা বর্ষণ রোববারও দেখা যেতে পারে।
