ইরানে ‘ভয় ছড়াতে’ ২০২২ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকর
গতবছর ইরানে মৃত্যুদণ্ড কার্যকর ৭৫% বাড়ে। বিক্ষোভকারীদের মনে ভয় সৃষ্টি করতে কর্তৃপক্ষ অন্তত ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে- বলছে দুটি মানবাধিকার গোষ্ঠীর প্রতিবেদন।
ইরানে গতবছর মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধী আন্দোলনে গোটা দেশ উত্তাল হয়ে ওঠার মধ্যে ভয় ছড়াতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছিল। মানবাধিকার বিষয়ক দুটি প্রচার গোষ্ঠীর প্রতিবেদনে এমন কথা জানানো হয়েছে।
বলা হয়েছে, ২০২২ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর ৭৫ শতাংশ বেড়ে যায়। বিক্ষোভকারীদের মনে ভয় সৃষ্টি করতে কর্তৃপক্ষ অন্তত ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১৫ সালের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।
নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং প্যারিস ভিত্তিক টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম) তাদের প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের এ পরিসংখ্যান দিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের সরকারি ঘোষণা এবং ইরানের ভেতরের কয়েকটি সূত্র- উভয়ের ভিত্তিতেই দুই মানবাধিকার গোষ্ঠী এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে বিবিসি
যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের বেশিরভাগই খুন এবং মাদক সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। তবে ডিসেম্বরে দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়।
২২ বছর বয়সী মহসেন শেকারি এবং ২৩ বছর বয়সী মজিদরেজা জাতীয় নিরাপত্তা বিষয়ক এক অস্পষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হয়। তাদের বিচার লোকদেখানো ছিল এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, বলছে আইএইচআর, ইসিপিএম প্রতিবেদন।
প্রচার গোষ্ঠী দুইটির বার্ষিক এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতবছর যতগুলো মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড করা হয়েছেতার মাত্র ৭১ টি সরকারি ভাবে ঘোষণা করা হয়েছিল।
বাকীগুলো ছিল ‘অঘোষিত’ এবং গোপনে কার্যকর করা মৃত্যুদণ্ড, যেগুলোর সাক্ষী হয়েছে প্রত্যক্ষদর্শীরা, মৃত্যুদণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা, আইনজীবীরা কিংবা কারাগারে কাজ করা বা বিচারবিভাগে কাজ করা মানুষেরা।
ইরানে সরকারি পোশাকবিধি ঠিকমত না মানায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর রাজধানী তেহরানে ২২ বছরের তরুণী মাশা আমিনিকে ধর্মীয় নীতি পুলিশ আটক করার পর পুলিশ হেফাজতে তার মৃত্যু ঘিরে শুরু হয় বিশাল গণবিক্ষোভ।
অল্প কিছুদিনের মধ্যেই এ বিক্ষোভ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নেয় ইরানের ইসলামপন্থি সরকার। বিক্ষোভকারী ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি সরকারবিরোধী জনসমাবেশগুলোতে প্রকাশ্যে গুলিও চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।
