১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোভিড উহানের ল্যাব থেকে এসেছে এমন ‘অকাট্য প্রমাণ নেই’

উহানে কোভিডের প্রথম রোগী পাওয়ার পর থেকেই করোনাভাইরাস মহামারীর উৎস নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক চলছে।

কোভিড উহানের ল্যাব থেকে এসেছে এমন ‘অকাট্য প্রমাণ নেই’

চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 04:57 PM

Updated : 24 Jun 2023, 04:57 PM

কোভিড-১৯ মহামারীর শুরুটা যে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির কোনো ঘটনা থেকে হয়েছে, তার কোনো অকাট্য প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

শুক্রবার কর্তৃপক্ষ আর গোপনীয় নয় এমন একটি প্রতিবেদন প্রকাশ করার পর বিষয়টি জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় (ওডিএনআই) থেকে প্রকাশিত ওই ৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর উৎস খুঁজে পেতে সক্ষম না হলেও করোনাভাইরাসটি কোনো একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে, এমন সম্ভাবনা এখনও উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

“কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং অন্যান্য সংস্থাগুলো এখনও কোভিড-১৯ মহামারীর সুনির্দিষ্ট উৎস বের করতে পারেনি; এটা প্রাকৃতিক না গবেষণাার থেকে এসেছে- উভয় ধারণার ক্ষেত্রেই নানান তাৎপর্যপূর্ণ অনুমানের ওপর নির্ভর করা হচ্ছে এবং সেগুলো পরস্পরবিরোধী প্রতিবেদনে চ্যালেঞ্জের মুখেও পড়ছে,” বলা হয়েছে ওডিএনআইয়ের প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, উহানের ওই ইনস্টিটিউটে করোনাভাইরাস নিয়ে ‘বিস্তৃত কাজ’ হলেও এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি যা থেকে মহামারী হতে পারে।

“উহান ইনস্টিটিউটে মহামারীর আগে সার্সসিওভি-২ বা তার কাছাকাছি কিছু নিয়ে গবেষণা হয়েছে কিংবা গবেষণাজনিত এমন সুনির্দিষ্ট কোনো ঘটনা ঘটেছে, যাতে ইনস্টিটিউটের কোনো কর্মীর সংশ্লিষ্টতা ছিল এবং যার কারণে কোভিড মহামারী শুরু হতে পারে, এমন কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি,” বলা হয়েছে প্রতিবেদনে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালের শেষপ্রান্তে উহানে প্রথম রোগী পাওয়ার পর থেকেই করোনাভাইরাস মহামারীর উৎস নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক চলছে।

মহামারীর উৎস সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করতে চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিলেও স্বাক্ষর করতে হয়। সেসময় বাইডেন বলেছিলেন, কোভিড-১৯ এর উৎস সংক্রান্ত যত বেশি সম্ভব তথ্য প্রকাশ্যে আনতে মার্কিন কংগ্রেসের যে উদ্দেশ্য, তাতে তারও সমর্থন রয়েছে।

ফেব্রুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন কোভিডের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্ককে আরও উসকে দেয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, মহামারী খুব সম্ভবত চীনের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে হয়েছে- গোয়েন্দাদের এমন গোপনীয় প্রতিবেদনকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় ‘কম আস্থা’ নিয়ে পর্যালোচনা করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে গত ২৮ ফেব্রুয়ারি বলেছিলেন, খুব সম্ভবত চীনের উহানের কোনো গবেষণাগার থেকেই কোভিডের উদ্ভব বলে তাদের মূল্যায়ন বলছে।

২০ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরও চারটি গোয়েন্দা সংস্থা কোভিড-১৯ কে প্রাকৃতিক বলেই মনে করেছে, দুটি সংস্থা তাদের মূল্যায়নে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।