ক্রাইমিয়ায় ফের ইউক্রেইনের হামলার চেষ্টা ঠেকাল রাশিয়া
রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেইনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে। আর বৈদ্যুতিক যুদ্ধ পদ্ধতিতে ১১ টি ড্রোনকে বাধা দিয়েছে।
ক্রাইমিয়া উপদ্বীপের কের্চ সেতুতে সোমবারের হামলার পর মঙ্গলবার সকালের দিকে আবার ইউক্রেইনের ড্রোন হামলা চালানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউক্রেইনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে। আর বৈদ্যুতিক যুদ্ধ পদ্ধতিতে ১১ টি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে।
ড্রোন ধ্বংসের সময় কেউ হতাহত হয়নি এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে সোমবার রাতে ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে ইউক্রেইনের নৌবাহিনীর ড্রোন হামলায় দুইজন নিহত হয়।
রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়ার এই কের্চ সেতুতে হামলার দায়ও স্বীকার করেছে ইউক্রেইন। গতবছরও এ সেতুতে হামলা চালিয়েছিল কিইভ। তবে সেবার তারা দায় স্বীকার করেনি।
২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে। তবে ইউক্রেইন বারবারই ক্রাইমিয়া আবার নিজেদের দখলে নিয়ে আসার কথা বলছে।
