Published : 19 Sep 2024, 07:57 PM
বৈরুতের বিমানবন্দর থেকে ফ্লাইটে যাত্রীদের পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে লেবানন কর্তৃপক্ষ। ‘দ্য ন্যাশনাল নিউজ এজেন্সি’ একথা জানিয়েছে।
এ সপ্তাহে দেশজুড়ে তারবিহীন যোগাযোগ ডিভাইস পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে লেবানন এ সিদ্ধান্ত নিল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননের সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে এক নির্দেশনায় তাদের যাত্রীদেরকে ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ হওয়া এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার সিদ্ধান্ত জানাতে বলেছেন।
লেবাননে গত মঙ্গল ও বুধবারে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জন নিহত হওয়া ছাড়াও ৩ হাজারের বেশি মানুষ আহত হয়। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলছে, ইসরায়েল এই হামলা চালিয়েছে। যদিও ইসরায়েল হামলার দায় স্বীকার করেনি।
লেবাননের সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা বিভিন্ন স্থানে নিয়ন্ত্রিত পদ্ধতিতে পেজার এবং সন্দেহজনক চেলিকম ডিভাইস নিষ্ক্রিয় করছে। তারা যে কোনও সন্দেহজনক ডিভাইস চোখে পড়লেই সে বিষয়ে রিপোর্ট করার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে।
গতবছর অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রায় এক বছর ধরে গাজায় চলা ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল–লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে।