২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে: ক্যামেরনকে নেতানিয়াহু

ইরানের হামলার জবাবে ইসরায়েলকে সংযত থাকার পশ্চিমা দেশগুলোর আহ্বানের জবাবে একথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইসরায়েল নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে: ক্যামেরনকে নেতানিয়াহু

ছবি: ইউটিউব ভিডিও।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 08:53 PM

Updated : 17 Apr 2024, 08:53 PM

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বুধবার তিনি বলেন, ইসরায়েল নিজেরাই নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে। ইসরায়েলকে রক্ষায় তার সরকার “প্রয়োজনীয় সবকিছুই করবে।”

পশ্চিমা দেশগুলো ইরানের হামলার জবাবে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল। ইরান-ইসরায়েল সংঘাত যাতে বেড়ে গিয়ে আঞ্চলিক সংঘাতে রূপ না নেয় সেজন্য জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল সফর করেন।

সেই সফরকালেই ক্যামেরনের সঙ্গে বৈঠকে ইসরায়েল জানিয়ে দিয়েছে যে,তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরই নেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় যুক্তরাজ্য এবং জার্মানির সমর্থনের জন্য দুইদেশের পররাষ্ট্রমন্ত্রীকেই ধন্যবাদ জানিয়েছে। সঙ্গে এও বলেছে যে, “আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা নিজস্বভাবে সিদ্ধান্ত নেব। ইসরায়েল রাষ্ট্র নিজেদের সুরক্ষায় সবকিছু করবে।”

সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে গত ১ এপ্রিল ইসরায়েলের বিমান হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এরপর গত শনিবার ইসরায়েলে ৩শ’র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

ইরানের ছোড়া এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। যদিও এ হামলায় ছোট্ট একটি শিশু গুরুতর আহত হয়েছে এবং দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ইরানের হামলার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না।

এর পরদিন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।