১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেক্সিকো সীমান্তে ‘১০ হাজার সেনা পাঠানোর’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসীদের রাখতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘাঁটি ব্যবহারেরও পরিকল্পনা আছে ট্রাম্প প্রশাসনের।

মেক্সিকো সীমান্তে ‘১০ হাজার সেনা পাঠানোর’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সংলগ্ন দেয়ালে পড়ে থাকা পুতুল। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ডনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দুই দেশের সীমান্তে ১০ হাজারের কাছাকাছি সেনা মোতায়েনের কথা ভাবছে। 

মার্কিন সরকারের অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সিবিএস নিউজ। 

নথিতে সেনা মোতায়েনের পাশাপাশি ফেরত পাঠানোর আগ পর্যন্ত অবৈধ অভিবাসীদের রাখতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ঘাঁটি ব্যবহারের পরিকল্পনার কথাও আছে।   

সোমবার শপথ নেওয়ার পর স্বাক্ষর করা এক নির্বাহী আদেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেন; তিনি সীমান্ত ‘পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রমে সহায়তায়’ সেনা ও সম্পদ মোতায়েনে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং সীমান্তে বেড়া নির্মাণকাজে সেনাবাহিনীকে সহায়তা করতে বলেন। 

পরে বুধবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নতুন এক নির্বাহী আদেশে ট্রাম্প মেক্সিকো সীমান্তে নতুন করে দেড় হাজার সেনা মোতায়েন করেছেন বলে সাংবাদিকদের জানান।

কেন্দ্রীয় সরকারের আদেশে আগে থেকেই সীমান্তে আড়াই হাজার সেনা মোতায়েন আছে। 

অবৈধ অভিবাসী ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে টেক্সাস ও আরও কয়েকটি রাজ্য সীমান্তে ন্যাশনাল গার্ডের সেনাদেরও মোতায়েন রেখেছে।

কিন্তু মার্কিন সরকারের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) ২১ জানুয়ারির এক নথিতে দেখা যায়, নতুন ট্রাম্প প্রশাসন দক্ষিণ সীমান্তে ‘১০ হাজারের কাছাকাছি সেনা’ মোতায়েনের পরিকল্পনা করছে। সিবিপির এ কাজে প্রযুক্তি ও অবকাঠামোজনিত সহায়তায় প্রয়োজনীয় সৈন্য ও সম্পদ জোগাড়ে এরই মধ্যে পেন্টাগনের প্রতি অনুরোধও জানানো হয়েছে। 

সিবিএসের জোগাড় করা ওই নথিতে আরও বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের রাখতে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ১৮টি নতুন আটক কেন্দ্র চেয়েছে। যার মধ্যে ১৪টিতে রাখা যাবে ১০০০ জন করে, বাকি ৪টিতে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত।