হারানোর ভয় না থাকা ইরানের কী করার আছে?
“তেহরানের কৌশল সম্ভবত এই বিশ্বাসে দাঁড়িয়ে আছে যে, যতটা ব্যথা তারা সইতে পারবে, ততটা ব্যথা দেওয়ার খরচ হয়ত প্রতিপক্ষ বহন করতে চাইবে না।”
ইরানে গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যেই পাল্টা হামলা শুরু করে তেহরান।
তারা ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, ইরানের এই পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমাগত দুর্বল হচ্ছে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘ হয়, সেক্ষেত্রে ইরানের সক্ষমতা কমলেও আশপাশের দেশগুলোতে দেশটির ‘প্রতিশোধমূলক’ হামলার ঝুঁকি থেকেই যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
ইরান ও তাদের মিত্র— হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কিংবা ইয়েমেনের হুথিরা যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোথাও পাল্টা হামলা চালাতে পারে, সে শঙ্কাও মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে রয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত আসার মতো কোনো হুমকি আছে কিনা, গেল সপ্তাহে ট্রাম্পের কাছে সেই প্রশ্ন রেখেছিল টাইম সাময়িকী।
মার্কিন প্রেসিডেন্টের জবাব ছিল, “আমার মনে হয় আছে। আমেরিকানদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে।
“আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে হ্যাঁ, কিছু ঘটনা ঘটতেই পারে। যেমনটা আমি আগেও বলেছি, কিছু মানুষ মারা যাবে। যখন আপনি যুদ্ধে যান, কিছু মানুষ তো মারা যাবেই।”
গবেষণা প্রতিষ্ঠান ‘সওফান সেন্টারের’ নির্বাহী পরিচালক কোলিন পি ক্লার্ক মনে করেন, ইরানের পাল্টা আঘাতের উদ্দেশ্য শুধু প্রতিশোধ নেওয়া নয়। তারা হামলার মাধ্যমে পশ্চিমা দেশের নাগরিকদের মধ্যে সরকাবিরোধী মনোভাব উসকে দিতে চাইবে।
“কারণ এ ধরনের মনোভাব বাড়তে থাকলে পশ্চিমা সরকারগুলো ইরানে হামলার ইতি টানতে বাধ্য হবে।”
ক্লার্ক বলেন, “ইরানের খুব বেশি কিছু হারানোর নেই। ফলে তারা অতীতের তুলনায় আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিজেদের ভূখণ্ডে সম্ভাব্য সহিংসতার জন্য প্রস্তুত থাকতে হবে।”
বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রচলিত অর্থে যুদ্ধে জয়ী হওয়া বলতে যেটা বোঝায়, সেটার জন্য ইরান লড়ছে না। তারা লড়ছে নিজেদের মতো করে টিকে থাকার জন্য।
সংবাদমাধ্যমটি লিখেছে, ইরান সম্ভবত ‘প্রতিরোধ’ ও ‘সহনশীলতার’ ওপর ভিত্তি করে কৌশল গড়ে তুলেছে।
“গত এক দশকে তারা কয়েক স্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দূরপাল্লার ড্রোন এবং অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীর পেছনে ব্যাপক বিনিয়োগ করেছে।”
দ্য আটলান্টিকের নিবন্ধে ক্লার্ক লিখেছেন, ইরান ও তাদের মিত্রদের বিদেশে হামলার ইতিহাস দীর্ঘ। ১৯৯২ সালে হিজবুল্লাহর মহাসচিব আব্বাস মুসাউইকে হত্যা করে ইসরায়েল। এর জবাবে আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাসে গাড়িবোমা হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করে হিজবুল্লাহ।
দুই বছর পর একই শহরে তারা ইহুদি কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে ৮৫ জনকে হত্যা করে।
লাতিন আমেরিকাজুড়ে হিজবুল্লাহ বহু দশক ধরে নিজেদের উপস্থিতি ধরে রেখেছে এবং সেখানে সন্ত্রাসী হামলা চালানোর সক্ষমতা তাদের এখনো রয়েছে।
সবশেষ ২০১২ সালে বুলগেরিয়ার বুরগাসে ইসরায়েলি পর্যটকবাহী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত ও বহু মানুষ আহত হয়।
ক্লার্ক বলেন, “বছরের পর বছর বলিভিয়া, সাইপ্রাস, জর্জিয়া, কেনিয়া, পেরু, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে হিজবুল্লাহর সন্দেহভাজন বহু ষড়যন্ত্র ভেস্তে দেওয়া হয়েছে, যা তাদের বৈশ্বিক উপস্থিতির জানান দেয়।”
২০২০ সালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
এ ঘটনার পর ইরান আরও হামলার চেষ্টা করেছে বলে জানান সওফান সেন্টারের’ নির্বাহী পরিচালক ক্লার্ক।
তার তথ্যানুযায়ী, গেল পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ১৭টি ইরানি ষড়যন্ত্র ভেস্তে দেওয়া হয়েছে। ট্রাম্প, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে হত্যার চক্রান্তেও তেহরানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা (এমআই-ফাইভ) প্রধান ম্যাককালাম দাবি করেন, তিন বছরে যুক্তরাজ্যে ইরানসমর্থিত ২০টি ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে।
জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর জার্মানিতে সন্দেহভাজন ইরান-সমর্থিত একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়।
সর্বশেষ যুদ্ধ শুরুর কয়েক দিন আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তারা ‘অনেক ইরানি তৎপরতা ও পরিকল্পনা’ নজরদারি করছিলেন, কিন্তু এগুলো কখন হামলার মতো ঘটনায় রূপ নেবে, তা তারা জানেন না।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এরপর পাল্টা হামলার শিকার হয় তারা।
ওই ঘটনার পর দুর্বল হয়ে পড়ে ইরানি মিত্রদের জোট— ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’। ফলে গেল জুনের মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার সময় ইরান তাদের মিত্রদের কাছ থেকে জোরালো সমর্থন পায়নি।
বিশ্লেষকরা বলছেন, শত্রুপক্ষ মোকাবেলার ক্ষেত্রে ইরানের ঘরের জন্য এক ধরনের প্রস্তুতি এবং বাইরের জন্য আরেক ধরনের পরিকল্পনা রয়েছে।
কোলিন পি ক্লার্ক বলছেন, নিজ দেশের বাইরে পশ্চিমাদের ওপর ইরান আঘাত হানতে পারে তিনভাবে।
“একটা হলো, ‘অনুপ্রাণিত হামলা’, যেখানে ব্যক্তি নিজ উদ্যোগে হামলা চালাতে পারে। আরেকটা হলো, নির্দেশনা পেয়ে হামলা। এ ধরনের হামলায় আন্তর্জাতিক অপরাধচক্রের মতো তৃতীয় পক্ষকে ব্যবহার করতে পারে ইরান।”
“আর তৃতীয় পন্থা হতে পারে ‘স্লিপার সেলের’ মাধ্যমে হামলা চালানো। সাধারণত আগে থেকে পশ্চিমা দেশগুলোতে অবস্থান করা এজেন্ট বা মিত্ররা এ ধরনেরর হামলা চালাতে পারে।”
নিজ ভূখণ্ডে কী কৌশল?
বিবিসি তাদের বিশ্লেষণে লিখেছে, ইরান যে এ ধরনের পরিস্থিতিতে পড়বে, সেই অনুমান তেহরানের আগে থেকেই ছিল। ফলে সে অনুযায়ী তাদের প্রস্তুতিও রয়েছে।
সংবাদমাধ্যমটি লিখেছে, ইরান সামরিক দিক থেকে নিজেদের সীমাবদ্ধতার কথা ভালো করেই জানে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাদের নাগালের বাইরে, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, যেগুলোর অবস্থান তাদের নাগালের মধ্যেই। ইসরায়েলের অবস্থানও দেশটির আয়ত্তের মধ্যে রয়েছে।
এবারের যুদ্ধে ইরান দেখিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। একটি ক্ষেপণাস্ত্র যখন সেই প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে ফেলে, তা শুধু সামরিক শক্তিতে নয়, ইসরায়েলের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে।
চলমান যুদ্ধে জ্বালানি আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। হরমুজ প্রণালি এখনও বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
এই পথ ইরান এখনো পুরোপুরি বন্ধ করেনি। কিন্তু তাতেই জ্বালানি তেলের বাজার চড়তে শুরু করেছে। ফলে সংঘাত চলতে থাকলে দাম আরও বাড়তে পারে। আর সেক্ষেত্রে যুদ্ধের ইতি টানার চাপ বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর।
ফলে উত্তেজনা শুধু সামরিকভাবে প্রতিপক্ষকে কোনঠাসা করে না, যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচও বাড়িয়ে তোলে।
বিশ্লেষকরা মনে করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হামলার মাধ্যমে তেহরান হয়ত এ বার্তাই দিতে চাইছে যে, মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।
তেহরান হয়ত আশা করছে, এসব দেশের সরকার যুদ্ধ সীমিত বা বন্ধ করার জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করবে।
কিন্তু তেহরানের এমন চিন্তাভাবনাকে ‘বিপজ্জনক জুয়া’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিও আছে। এসব দেশ ইরানের বিষয়ে আরও কঠোর হতে পারে এবং তারা পোক্তভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে জোট বাঁধতে পারে।
বিবিসির সাংবাদিক আমির আজিমি বলছেন, ইরানের যদি টিকে থাকাই প্রধান লক্ষ্য হয়, তবে শত্রুর সংখ্যা বাড়ানোটা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার সংযমেও সমান ঝুঁকি রয়েছে। কারণ এটা অনেকেই তাদের দুর্বলতা হিসেবে নিতে পারে।
আমির আজিমি তার বিশ্লেষণে লিখেছেন, ইরানের কৌশল সম্ভবত এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে যে, তেহরান যতটা ব্যথা সইতে পারবে, ততটা ব্যথা দেওয়ার খরচ হয়ত প্রতিপক্ষ বহন করতে চাইবে না।
ফলে এই যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের জয়ের প্রয়োজন নেই; তাদের প্রয়োজন টিকে থাকা। কিন্তু সেই লক্ষ্য অর্জন সম্ভব কি না এবং সেটা প্রতিবেশীদের দূরে ঠেলে না দিয়েই সম্ভব কি না, সেই উত্তর জানতে অপেক্ষার কথা বলেছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
