১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের আঘাতে মার্কিন বাহিনীর দুইশর বেশি হতাহত: ইরানি মুখপাত্র

ওই মুখপাত্রের দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে চালানো হামলায় ২১ আমেরিকান সেনা নিহত ও আরও অনেকে আহত হয়েছে।

ইরানের আঘাতে মার্কিন বাহিনীর দুইশর বেশি হতাহত: ইরানি মুখপাত্র
ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ছবি: তাসনিম নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 03:59 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ইরানি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের এক মুখপাত্র।

ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকারী সমন্বিত কমান্ড খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র শনিবার মার্কিন বাহিনী ও তাদের সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন। 

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম ওই মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের শক্তিশালী পাল্টা হামলায় মার্কিন বাহিনীর বহু সেনা ও কমান্ডার হতাহত হয়েছে। 

মুখপাত্র উল্লেখ করেন, ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের অধীনে চালানো এসব হামলায় এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

ওই মুখপাত্রের দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে চালানো হামলায় ২১ আমেরিকান সেনা নিহত ও আরও অনেকে আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল ধাফরা বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় ২০০ মার্কিন সেনা হয় নিহত অথবা আহত হয়েছে। আর পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। 

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি উপবিভাগ। এই উপবিভাগটি ইরানি সামরিক ইউনিটগুলোর অভিযানের বিন্যাস ও সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা করার দায়িত্ব নিযুক্ত।    

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক সামরিক অভিযান শুরু করে। তাদের প্রথমদিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিকরা নিহত হন। মার্কিন, ইসরায়েলি যৌথ বাহিনী ইরানের সামরিক ও বেসামরিক বহু স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। 

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ও মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।