ইরানে খামেনির প্রতিটি উত্তরসূরিই নিশানা হবেন: হুমকি ইসরায়েলের
ইসলায়েল ইরানের প্রতিটি উত্তরসূরি এবং উত্তরসূরি নিয়োগ দিতে চাওয়া প্রতিটি ব্যক্তিকে নিশানা করতে দ্বিধা করবে না, বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত্যে পৌঁছে গেছে। যদিও কিছু ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা রয়েছে।
এরই মধ্যে ইরানকে হুমকি দিয়ে রাখল ইসরায়েল। জানিয়ে দিল, আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসাবে যাকেই বেছে নেওয়া হবে, তাকেই হামলার নিশানা করবে ইসরায়েলি বাহিনী।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে বেছে নেওয়ার জন্য রোববারই বৈঠক করেছে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স)।
এর পরই বার্তা সংস্থা রয়টার্স জানায় পরিষদের বেশিরভাগ সদস্যই নেতা নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন। যদিও কাকে বেছে নেওয়ার বিষয়ে এই ঐকমত্য তা এখনও প্রকাশ করেনি ইরান।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরই মধ্যে এক্সে এক পোস্টে ফার্সি ভাষায় বিবৃতি দিয়ে বলেছে,
“আমরা আপনাদেরকে (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স) বলতে চাই, ইসলায়েল রাষ্ট্রের হাত প্রতিটি উত্তরসূরি এবং উত্তরসূরি নিয়োগ দিতে চাওয়া প্রতিটি ব্যক্তিকে তাড়া করবে।
“উত্তরসূরি নির্বাচনের বৈঠকে যারা অংশ নিতে ইচ্ছুক, আমরা তাদের সবাইকে সতর্ক করে বলছি যে, আমরা আপনাদেরকেও নিশানা করতে দ্বিধা করব না। এটি আপনাদের জন্য সতর্কবার্তা।
এ নিয়ে মধ্যে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তেহরানকে এমন হুমকি দিল ইসরায়েল।
ইরানের উত্তরসূরি বেছে নেওয়া সম্পর্কে বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল, ইরানের শীর্ষ নেতা এমন একজন হতে হবে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়।
উত্তরসূরি কে হচ্ছেন সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে হায়দারি আলেকাসির বলেন, “এমনকি ‘বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই খামেনির ছেলে মোজতাবা খামেনি সম্পর্কে বলেছিলেন তিনি তার কাছে গ্রহণযোগ্য নন।
