১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধ এখন কোথায় দাঁড়িয়ে?

মিনাবে মেয়েদের প্রাইমারি স্কুলে দেড় শতাধিক শিক্ষার্থীসহ ১৬০ জনের বেশি নিহতের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করা উচিত, বলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধ এখন কোথায় দাঁড়িয়ে?
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর তেহরানের শাহরান জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ছবি: ওয়ানা/রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 05:54 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় আকারের হামলা অব্যাহত রেখেছে, শনিবার তারা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির তেলের ডিপোতেও হামলা চালিয়েছে। 

ভয়াবহ এ সংঘাত এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে, যুদ্ধের আঁচে পুড়ছে ইরাক-লেবাননও। 

যুদ্ধ চাপিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ার করা ইরান এরই মধ্যে ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনা ও স্বার্থে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে সেসব দেশে পাল্টা হামলা না চালানোর অঙ্গীকার করলেও পরে একাধিক উপসাগরীয় দেশে ইরানি হামলার খবর পাওয়া গেছে।  

পুরো বিশ্বকে অস্থির করে তোলা এ যুদ্ধের নবম দিনে সংশ্লিষ্ট পক্ষগুলো কে কোথায় দাঁড়িয়ে তার একটি সংক্ষিপ্তসার দিয়েছে আল জাজিরা।

ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। শনিবারই তারা প্রথমবারের মতো ইরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। শনিবার রাতে তেহরানের উপকণ্ঠে শেহরান তেলের ডিপোতে বিশাল অগ্নিকুণ্ডের ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ইসরায়েলের সামরিক বাহিনী এসব হামলার দায় স্বীকার করে বলেছে ওইসব তেলের ডিপো ও শোধনাগার ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। মার্কিন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত এক হাজার ৩৩২ বেসামরিক ইরানি নিহত হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েই যাচ্ছেন। শনিবার রাতে তিনি বলেছেন, এ যুদ্ধ ‘খানিকটা বেশি সময়’ চলতে পারে তবে ওয়াশিংটন ‘তেহরানের সঙ্গে সমঝোতার’ কথা ভাবছে না। 

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী এখনও খোলাই আছে, তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ ওই প্রণালী ব্যবহারের চেষ্টা করলে তাদেরকে নিশানা বানানো হবে।

ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে না কেন, শনিবার ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা তো জাহাজগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে। ওয়াশিংটন ইরানের নৌবাহিনীকে ‘পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে’ বলেও দাবি করেন তিনি। 

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরানের আগের অবস্থা পুনর্ব্যক্ত করে বলেছেন, তারা ভ্রাতৃপ্রতীম সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু শত্রুরা বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেশী দেশে হামলা না চালানোর অঙ্গীকার নিয়ে তার মন্তব্যকে ‘প্রতিবেশীদের সঙ্গে বিভেদ সৃষ্টির চেষ্টা করা শত্রুরা ভুলভাবে ব্যাখ্যা করছে’, ইরানি প্রেসিডেন্ট এ কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। 

দেশটি এখনও তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা পায়নি। গত সপ্তাহে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার শুরুতেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, এরপর থেকে ওই পদটি ফাঁকা পড়ে আছে। ইরানের যে বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা বেছে নেবে সেই পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা রোববার বলেছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি জানান, এখন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার দায়িত্ব রয়েছে বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।

ইরানের মিনাবে মেয়েদের প্রাইমারি স্কুলে দেড় শতাধিক শিক্ষার্থীসহ ১৬০ জনের বেশি নিহতের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করা উচিত, বলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 

ওই স্কুলে ‘ইচ্ছাকৃত’ হামলা হয়েছে বলে আল জাজিরার তদন্তে উঠে এসেছে। হামলাটি ‘সম্ভবত যুক্তরাষ্ট্রই চালিয়েছে’ বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ‘বড়সড় মাত্রার’ আক্রমণও যে ইরানে সরকার ফেলতে পারবে না তা মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষদের এক প্রতিবেদনে উঠে এসেছে। 

খণ্ড-বিখণ্ড হয়ে থাকা বিরোধিরা ইরানের দখল নিতে পারবে এমন ‘সম্ভাবনাও খুব কম’, বলা হয়েছে ওই প্রতিবেদনে। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এরই মধ্যে বিশ্বের শেয়ারবাজারগুলোকে অস্থির করে তুলেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুদ্ধের প্রথম সপ্তাহেই ব্রেন্ট পরিশোধিত তেলের দাম ২৭% বেড়েছে, ২০২০ সালের কোভিড-১৯ মহামারীর পর এক সপ্তাহে দাম এতখানি বাড়তে আর দেখা যায়নি। 

উপসাগরীয় অঞ্চল

শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের একটি ড্রোনের আঘাতে তাদের পানি লবণমুক্তকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাদের কাশেম দ্বীপে একটি পানি লবণমুক্তকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এর মাধ্যমে ‍যুক্তরাষ্ট্র ‘নজির’ সৃষ্টি করেছে বলেও সতর্ক করেন তিনি। 

বাহরাইনের দাবির প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপসাগরের বেশিরভাগ দেশই তাদের বাসিন্দাদের সুপেয় পানি পৌঁছে দিতে পানি লবণমুক্তকরণ কেন্দ্রের ওপর নির্ভরশীল। 

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শনিবারও তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। দায়িত্ব পালনরত অবস্থায় দুই সীমান্ত সুরক্ষাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কুয়েত। দেশটি তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও সামাজিক নিরাপত্তা কার্যালয়ে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে। 

সৌদি আরব বলেছে তারা রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে হওয়া হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আকাশসীমায় ঢোকা একাধিক ড্রোনকে ভূপাতিত করেছে। 

উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি কোঅপারেশন কাউন্সিল বলেছে, বাহরাইন ও কুয়েতে ইরানের লাগাতার হামলা ‘বিপজ্জনক আক্রমণাত্মক কর্মকাণ্ড’, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। সৌদি আরব ছাড়াও এ জিসিসি জোটে আছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।  

বেশিরভাগ দেশের আকাশসীমা বন্ধ ও ফ্লাইটের ওঠানামা না থাকা সত্ত্বেও শনিবার থেকে কাতার তাদের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল আংশিকভাবে শুরু করেছে। কাতার এয়ারওয়েজ রোববার লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম, ফ্রাঙ্কফুর্ট ও ব্যাংকক থেকে দোহায় ফ্লাইট পরিচালনা করেছে। সব বিমানই নিরাপদে অবতরণ করেছে বলে এয়ারপোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে।  

ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। নেগেভ মরুভূমিসহ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে।  

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) সর্বশেষ হামলাকে বলেছে ‘অপারেশন ট্রু প্রমিজের ২৭তম পর্ব’। 

যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘খানিকটা বেশি সময়’ চললেও মার্কিন সামরিক বাহিনী ‘অবিশ্বাস্য রকমের ভালো’ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে তাদের অভিযান চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে।  

ইরানের পাল্টা হামলায় নিহত ছয় মার্কিন সেনার মরদেহবাহী কফিন শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে নিহত সেনাদের দেশে আগমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। তিনি ওই সেনাদের দেশে ফেরত আসার মুহূর্ত নিয়ে বলতে গিয়ে একে আমেরিকার জন্য ‘খারাপ দিন’ আখ্যা দেন।  

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে ইরানকে নতুন হুমকি দিয়েছেন। বলেছেন, “যদি তোমরা মার্কিনিদের হত্যা করো, যদি পৃথিবীর কোথাও তাদেরকে হুমকি দাও, আমরা ক্ষমা না চেয়ে, দ্বিধা না করেই তোমাদের খুঁজে বের করবো এবং তোমাদের হত্যা করবো।”

ইরানের কাছে মজুদ থাকা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কব্জায় নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিশেষ বাহিনীর সেনাদের মোতায়েনের কথা ভাবছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এক্সিওস। এই অভিযান হতে পারে যুদ্ধের ‘পরবর্তী পর্যায়ে’, বলেছে তারা।  

লেবানন, ইরাকে

বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমায় অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৈরুতে সক্রিয় ‘কুদস বাহিনীর লেবানন কোরের গুরুত্বপূর্ণ কমান্ডারদের’ ওপর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।  

রোববার ইসরায়েল লেবাননের রাজধানীর দক্ষিণপ্রান্তেও অভিযান চালিয়েছে। তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার হুমকি দিয়ে আরনুন, ইয়োমোর, পূর্ব ও পশ্চিম জরারিয়ে গ্রামের বাসিন্দাদের যত দ্রুত সম্ভব এলাকা ছেড়ে নাবাতিয়ে প্রশাসনিক অঞ্চলের দিকে চলে যেতে বলেছে।   

হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননের মারবা শহরে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

টাইরে ও বৈরুতের দক্ষিণ প্রান্তসহ অসংখ্য এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। বৈরুতের স্কুলগুলো এখন আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

কুর্দি পেশমেরগা বাহিনী উত্তর ইরাকের সুলাইমানিয়া এলাকায় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রুদাও।

এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধে কুর্দিদের নিয়ে এসে তিনি যুদ্ধকে ‘এখনকার চেয়ে জটিল’ করতে চাইছেন না। এর আগে একাধিক প্রতিবেদনে ইরান ও ইরাকের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে ওয়াশিংটন চেষ্টা করছে বলে জানানো হয়েছিল। 

ইরাকি ব্রিগেডিয়ার জেনারেল হায়দার আল-খারকি বলেছেন, ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরাকি বাহিনী বা আঞ্চলিক কুর্দি পেশমেরগা বাহিনীর কোনো সদস্যই সীমান্ত পেরিয়ে ইরানে যায়নি।