রাশিয়ার বিশৃঙ্খলা অবসানে কয়েক মাস লাগতে পারে: ব্লিনকেন
তবে এ সংকটের কারণে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র কারও পারমাণবিক অস্ত্র প্রশ্নে অবস্থানের কোনও পরিবর্তন হয়নি, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ওয়াগনার যোদ্ধারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বকে নজিরবিহীনভাবে চ্যালেঞ্জ করে রাশিয়ায় যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছে, নেতৃত্বের ফাটলকে সামনে নিয়ে এসেছে, তার অবসান এখনই নাও ঘটতে পারে। সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
টিভিতে বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বলেন, যে উত্তেজনা প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার বাহিনীর বিদ্রোহ উস্কে দিয়েছে তার উত্থান কয়েকমাস ধরেই হয়েছে। আর এখন এই বিশৃঙ্খল, অশান্ত পরিস্থিতি ইউক্রেইনে মস্কোর যুদ্ধ চালানোর সক্ষমতায় প্রভাব ফেলতে পারে।
ওদিকে, ইউক্রেইন প্রসঙ্গে এনবিসি’র মিট দ্য প্রেস প্রোগ্রামে তিনি বলেন, “আমাদের দৃষ্টি ইউক্রেইনের ওপরই নিবদ্ধ থাকবে। তাদের নিজেদের সুরক্ষিত রাখতে এবং রুশ বাহিনীর কাছ থেকে ভূখন্ড পুনরুদ্ধার করতে যা যা প্রয়োজন তা যেন তাদের থাকে সেটি আমরা নিশ্চিত করব।”
এবিসি নিউজের দিস উইক প্রোগ্রামে ব্লিনকেন বলেন, “রুশরা যে পরিমাণ বিভ্রান্ত এবং বিভক্ত হয়ে পড়েছে যে, তাদের ইউক্রেইনের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়তে পারে।”
তবে ব্লিনকেন বলেন, এই সংকটের কারণে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র কারও পারমাণবিক অস্ত্র প্রশ্নে অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
