আফগানিস্তানে জ্বালানি ট্রাক দুর্ঘটনায় নিহত ১২
রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত সালাং টানেলে এ দুর্ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছে।
আফগানিস্তানে গুরুত্বপূর্ণ সালাং আলপাইন টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
আফগানিস্তানের রাজধানী থেকে উত্তরের দিকে টানেলটির সংযোগ রয়েছে। পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়া এই টানেল আফগানিস্তানের আটটি প্রদেশে যান চলাচলের জন্য ব্যবহার হয়। সেখানে এই দুর্ঘটনার খবর রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।
আফগানিস্তানের তালেবান শাসিত প্রশাসনের উপ-মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি বলেছেন, রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) উত্তরে অবস্থিত সালাং টানেলে দুর্ঘটনায় ৩৭ জন আহত হয়েছে।
“দ্য ইসলামিক আমিরাত নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছে,” বলেন তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও আন্তরিক চেষ্টা চালানোর আহ্বানও জানানো হচ্ছে বল জানান আহমাদি।
স্থানীয় সম্প্রচারমাধ্যম টোলো নিউজ জনকর্মসূচি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, শনিবার রাতে একটি জ্বালানি ট্রাক টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় উল্টে গিয়ে আগুন ধরে যায়। আগুন রোববার নিভিয়ে ফেলা হয়েছে। তবে টানেলটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
