২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার ৬ দেশকে বিনামূল্যে শস্য দেবেন পুতিন

সেন্ট পিটার্সবার্গে রাশিয়া–আফ্রিকা সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন এই প্রতিশ্রুতি দেন। দেশগুলো হচ্ছে, বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়া।

আফ্রিকার ৬ দেশকে বিনামূল্যে শস্য দেবেন পুতিন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 27 Jul 2023, 11:45 PM

Updated : 28 Jul 2023, 12:50 AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকান নেতাদেরকে বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও তাদের দেশকে বিনামূল্যে হাজার হাজার টন শস্য দেবেন তিনি। নিষেধাজ্ঞার কারণে শস্য ও সার রপ্তানি কঠিন হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হওয়া রাশিয়া–আফ্রিকা সম্মেলনে বৃহস্পতিবার ‍পুতিন এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, বিশ্বে খাদ্য নিরাপত্তায় মস্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকা পালনে রাশিয়া বাণিজ্যিকভাবে কিংবা সহায়তার ভিত্তিতে- দু’পন্থায়ই আফ্রিকায় ইউক্রেইনের শস্য রপ্তানির জায়গা নিতে প্রস্তুত।

“আগামী তিন অথবা চার মাসে আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন শস্য বিনামূল্যে সরবরাহ করতে পারব”, বলেন পুতিন।

এই প্রতিশ্রুতির কিছুদিন আগেই রাশিয়া ইউক্রেইন থেকে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসে। ওই চুক্তির আওতায় আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্য সরবরাহ হয়ে আসছিল।

পুতিন বিনামূল্যে শস্য দেওয়ার জন্য যেসব আফ্রিকান দেশের নাম বলেছেন, সেগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক আছে। খাদ্য সাহায্যের জন্য মুখিয়ে থাকা সুদান এবং চাদের মতো আফ্রিকান দেশগুলোর নাম পুতিন বলেননি।

পুতিনের প্রতিশ্রুতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। যদিও তার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যথেষ্ট ব্যবস্থা সেখানে আছে।

ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে রাশিয়া। কিন্তু আফ্রিকার কিছু দেশ এখনও পুতিনকে সমর্থন দিচ্ছে।

ওদিকে, ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপে থাকা পুতিনও রাশিয়া-আফ্রিকা সম্মেলন ঘিরে আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন।

দুই দিনের এ সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলনে আফ্রিকার ১৭ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ৪৯ টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।