দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট রাইসির খোঁজে উদ্ধারকারীরা
দুর্ঘটনাস্থলে খারাপ আবহাওয়া এবং কুয়াশার কারণে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে তা খুঁজে পেতে সময় লাগবে- বলেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরূপ আবহাওয়ার মধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারীদল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ শুরু করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় বড়ধরনের অনুসন্ধান অভিযান চলছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানিদেরকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন। দেশের কাজে কোনও বিঘ্ন ঘটবে না বলে সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি। রাইসির জন্য দোয়া করারও আবেদন জানিয়েছেন তিনি।
ইরনা বার্তা সংস্থা বলেছে, ৪০ জনের বেশি উদ্ধারকারীর দল দুর্ঘটনাস্থলে অনুসন্ধানী কুকুর এবং ড্রোন দিয়ে খোঁজ চালাচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুর্ঘটনাস্থলে খারাপ আবহাওয়া এবং কুয়াশার কারণে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে তা খুঁজে পেতে সময় লাগবে।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।
ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, “প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুলাহিয়ানের জীবন ঝুঁকিতে রয়েছে। আমরা এখনও আশাবাদী। কিন্তু ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে তা খুবই উদ্বেগজনক।”
ইরানের আধা-সরকারি ফারস বার্তা সংস্থায় ইব্রাহিম রাইসির জন্য দোয়া করতে বলা হয়েছে। রাষ্ট্রীয় টিভিতে আসা ভিডিও ফুটেজে মাসাদ শহরে মানুষজনকে প্রেসিডেন্টের জন্য দোয়া করতেও দেখা গেছে।
রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
ইরানের প্রেসিডেন্ট রাইসি রোববার আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তে গিয়েছিলেন। ৬৩ বছর বয়স্ক রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তাকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ। ইরানের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, তার দেশ তেহরানকে যে কোনও সহায়তা করতে প্রস্তুত।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ইরানের এই ঘটনা নিবিড়ভাবে নজরে রেখেছে। দুর্ঘটনায় রাইসির কোনও ক্ষতি হলে এ অঞ্চলে ইরানের নীতির কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি অবশ্য এখনও আশা ছাড়েননি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীরা নিরাপদে দেশে ফিরে আসবেন।
