২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে রাশিয়া, জানাল ক্রেমলিন

তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাত কিংবা সংরক্ষণের দায়িত্ব নিতে তারা প্রস্তুত। এ সংক্রান্ত প্রস্তাব অনেক আগে থেকেই দেওয়া আছে, বলেছে তারা।

ইরান নিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে রাশিয়া, জানাল ক্রেমলিন
তেহরানের একটি পার্কে প্রদর্শিত ইরানের ক্ষেপণাস্ত্রসমূহ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ইরান ঘিরে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে রাশিয়া এখনও চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। 

তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাত কিংবা সংরক্ষণের দায়িত্ব নিতে রাশিয়া অনেক আগে থেকেই প্রস্তাব দিয়ে রেখেছে বলেও সোমবার বলেছে তারা। 

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মস্কোর নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে রাশিয়া তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে কথা বলেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “দীর্ঘদিন ধরেই এই এজেন্ডা আলোচনায় রয়েছে।”

“অনেকগুলো দেশের গাত্রদাহ কমানোর সম্ভাব্য বিকল্প হিসেবে রাশিয়া অনেক দিন ধরেই এ দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে,” পেসকভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের ওপর কোনো হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করার পর ক্রেমলিনের এ ভাষ্য এল।

খামেনি বলেছেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ রয়েছে এবং তা ‘গ্রহণযোগ্য’ ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তিনি ‘আত্মবিশ্বাসী’।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অলক্ষে রাশিয়া-চীনও জড়িয়ে আছে বলে মত অনেক বিশ্লেষকের। সাম্প্রতিক সময়ে ব্রিকস ছাড়াও বৈশ্বিক অনেক ইস্যুতে তেহরানের পাশে মস্কো ও বেইজিংকে দেখা গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনৈতিক ও সামরিক খাতে রাশিয়া-চীনের সহযোগিতাও প্রবল।

“এখনও রাশিয়া তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং ইরানকে ঘিরে থাকা উত্তেজনা কমাতে তার সর্বোচ্চ সক্ষমতা দেখাতে প্রস্তুত আছে,” বলেছেন পেসকভ।

লিংক- 

যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার