২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল তাপপ্রবাহে অস্থির ইউরোপের দক্ষিণাঞ্চল

প্রচণ্ড গরমের কারণে ফ্লোরেন্স আর রোমসহ ইতালির ১০টি শহরে এরই মধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

প্রবল তাপপ্রবাহে অস্থির ইউরোপের দক্ষিণাঞ্চল

অত্যধিক গরমে ইতালিতে এরই মধ্যে একাধিক পর্যটক অচেতন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 01:52 PM

Updated : 13 Jul 2023, 01:52 PM

দক্ষিণ ইউরোপের কিছু অংশ ও উত্তর-পশ্চিম আফ্রিকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে এ দুই অঞ্চলের অনেক এলাকাই রেকর্ড ভাঙা তাপমাত্রার সাক্ষী হতে পারে।

তাপপ্রবাহের কারণে স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু কিছু অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

ইতালিতে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত; ফ্লোরেন্স আর রোমসহ দেশটির ১০টি শহরে এরই মধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়ার পর ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই ব্যক্তি মিলানের নিকটবর্তী শহর লদির একটি সড়কে জেব্রা ক্রসিংয়ের লাইনগুলোতে রঙ দেওয়ার সময় তীব্র গরমে অচেতন হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানেই তিনি মারা যান।

“অসহনীয় এক তাপপ্রবাহের মুখোমুখি হয়েছি আমরা। ভয়াবহ গরমে আজ লদিতে যা হল, সেরকম বেদনাদায়ক ঘটনা এড়াতে আমাদের প্রয়োজনীয় সব সতর্কতা মেনে চলতে হবে,” টুইটে বলেছেন ইতালির পরিবেশবাদী বামপন্থি রাজনীতিক নিকোলা ফ্রাতোইয়ান্নি।

অত্যধিক গরমে দেশটিতে এরই মধ্যে একাধিক পর্যটকের অচেতন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আছেন এক ব্রিটিশ নাগরিক, তিনি রোমের কলোসিয়ামের বাইরে অচেতন হয়ে পড়েছিলেন।

ইতালির আবহাওয়া সমিতি এই তাপপ্রবাহের নামকরণ করেছে দেশটির বিখ্যাত লেখক দান্তে আলেগিরির সাড়াজাগানো মহাকাব্য ইনফার্নোর তিন মাথার দানব সারবেরাসের নামে।

যুক্তরাজ্যের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।

বিবিসি ওয়েদার বলছে, এ দিন দক্ষিণ ইউরোপের বিশাল অংশজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে শুরু করে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা এর বেশিও হতে পারে।

এই তাপপ্রবাহ শনি-রোববার পর্যন্ত চলতে পারে। শনিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যা জুলাইয়ে শহরটির গড় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেক অনেক বেশি।

ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল ২০২১ সালের অগাস্টে, ইতালির সিসিলি দ্বীপের সিরাকুজের কাছে।

তীব্র গরমে গতবছর ইউরোপজুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়; এবারের তাপপ্রবাহের ফলে চলতি গ্রীষ্মেই মৃত্যু গত বছরের চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নজিরবিহীন প্রচণ্ড তাপমাত্রার পর্ব এখন নিয়মিতই দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার নিত্যনতুন রেকর্ড ভাঙাও যেন স্বাভাবিক ঘটনাতেই পরিণত হয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।

রেকর্ড রাখা শুরু করার পর থেকে চলতি জুনই মহাদেশটির সর্বকালের সবচেয়ে উষ্ণ জুন মাস ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস।