২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ড্রোন তিন অঞ্চলে আঘাত হেনেছে: রাশিয়া

ইউক্রেইনের সীমান্তসংলগ্ন রাশিয়ার কুর্স্ক এবং রোস্তোভ অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেইনের ড্রোন তিন অঞ্চলে আঘাত হেনেছে: রাশিয়া

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 20 Aug 2023, 06:30 PM

Updated : 20 Aug 2023, 06:30 PM

রাশিয়া বলেছে, ইউক্রেইনের ড্রোন তিনটি আলাদা অঞ্চলে আঘাত হেনেছে। রোববারের এ হামলায় ৫ জন আহত হয়েছে। রাজধানী মস্কোর দুটো বিমানবন্দরের ফ্লাইটের গতিপথও কিছু সময়ের জন্য বদলাতে হয়েছে।

ইউক্রেইনের সীমান্তসংলগ্ন রাশিয়ার কুর্স্ক এবং রোস্তোভ অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তারা মস্কোয় ইউক্রেইনের একটি ড্রোনকে বাধা দিয়েছে। সেটি বিধ্বস্ত হয়ে একটি জনবিহীন এলাকায় পড়েছে।

কুর্স্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ড্রোন হামলায় ৫ জন আহত হয়েছে এবং একটি ড্রোন রেলওয়ে স্টেশনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

রোস্তাভের গভর্নর বলেছেন, সেখানে কেউ আহত হয়নি কিংবা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার সীমান্ত অঞ্চল এবং রাজধানী মস্কোয় সম্প্রতি কয়েকমাসে ইউক্রেইনের ড্রোন হামলা বেড়ে গেছে। বার বার হামলা হচ্ছে মস্কোর অর্থনৈতিক এলাকায়।

রাশিয়া গত মে মাসে বলেছিল, ইউক্রেইনের দুটো ড্রোন ক্রেমলিনে হামলার চেষ্টা করেছিল।

রাশিয়ার ভূখন্ডে হামলার পেছনে জড়িত থাকার দায় ইউক্রেইন সাধারণত স্বীকার করে না। যদিও ইউক্রেইনের কর্মকর্তারা এ ধরনের হামলার ক্ষেত্রে প্রকাশ্যেই সন্তুষ্টি প্রকাশ করে থাকেন।