Published : 20 Aug 2023, 04:16 PM
দিল্লি সরকারের নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তারই বন্ধুর ১৪ বছরের মেয়েকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশ ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করেছে বলে রোববার জানায় এনডিটিভি।
ওই কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধেও কিশোরীকে যৌন নিপীড়নে স্বামীকে সহায়তা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, নিপীড়নের শিকার মেয়েটি সপ্তম শ্রেণীর ছাত্রী। ২০২০ সালে মেয়েটির বাবা মারা গেলে ওই কর্মকর্তা মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে।
অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি ২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে মেয়েটিকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে। যে কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন ওই কর্মকর্তা তার স্ত্রীর কাছে বিষয়টি স্বীকার করেন। তখন তার স্ত্রী তাদের ছেলেকে দিয়ে গর্ভপাতের ওষুধ কিনিয়ে এনে বাড়িতেই কিশোরীর গর্ভপাত করান।
নিপীড়নের শিকার কিশোরী তার এফআইআর এ এসব কথা উল্লেখ করেছে।
ওই কিশোরীর চিকিৎসা চলছে এবং এখনো ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা বাকি আছে।