ইসরায়েলের রিজার্ভ সেনা তলব, গাজায় চলতে পারে স্থল অভিযান
ইসরায়েল ৩ লাখ রিজার্ভ সেনা ডেকেছে। গাজার কিছু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ারও সতর্কবার্তা দিচ্ছে তারা।
ইসরায়েল সোমবার নজিরবিহীন এক পদক্ষেপে তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছে। গাজার বাসিন্দাদের সরেও যেতে বলেছে তারা। এতে ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধরাশায়ী করতে গাজায় স্থল হামলার পরিকল্পনা করছে বলেই ইঙ্গিত মিলছে।
গত শনিবার ইসরায়েলে ঢুকে হামলা চালানো হামাস যোদ্ধাদের অনেকেই এখনও বিভিন্ন অবস্থান নিয়ে আছে। তাদের সঙ্গে লড়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা।
ওদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজায় গোষ্ঠীটির যোদ্ধাদের পরাস্ত করতে শনিবার থেকেই প্রবল বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত হামলায় ৫ শ’রও বেশি মানুষ মারা গেছে। গাজা পুরোপুরি অবরুদ্ধও করে দিয়েছে ইসরায়েল। সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না খাবার কিংবা জ্বালানিও। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ।
এই দুই দিনের মধ্যেই ইসরায়েল ৩ লাখ রিজার্ভ সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েল গাজায় স্থল অভিযান চালাতে পারে এমন গুঞ্জন আরও জোরাল হয়েছে।
ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, “আমরা এর আগে কখনও এত রিজার্ভ সেনা ডেকে আনিনি। আমরা আক্রমণে যাচ্ছি।”
ফিলিস্তিনিরা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে ফোন কল এবং মোবাইল ফোনে অডিও বার্তা পাওয়ার কথা জানিয়েছে। এসব ফোনকল এবং বার্তায় তাদেরকে মূলত গাজার উত্তর এবং পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে সরে যেতে বলা হচ্ছে। সেনারা সেখানে অভিযান চালাবে বলে সতর্ক করা হচ্ছে।
কয়েক দশকের মধ্যে গত শনিবার হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালানোর পাশাপাশি সুপরিকল্পিতভাবে স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে।
তারা কয়েক ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখে। অভিযানে বেশ কিছু ইসরায়েলি নিহত হয়। কিছু ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায়ও নিয়ে যায় ফিলিস্তিনি বন্দুকধারীরা।
ইসরায়েল এর পাল্টা জবাবে গাজায় বিমান হামলা শুরু করায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “গাজাকে বড় ধরনের মূল্য দিতে হবে, যা তাদের কয়েক প্রজন্মের বাস্তবতা বদলে দেবে।”
ওদিকে, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার আহ্বান জানানো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের ১৬ বছরের অবরোধে গাজাবাসীদের দুর্দশা এবং পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী অভিযানের বদলায় ইসরায়েলে হামলা চালিয়ে তারা কোনও অন্যায় করেনি।
ইসরায়েল এবং হামাসের মধ্যে যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে তা যেন আরও বেড়ে না যায়, সে লক্ষ্যে মিশর মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মিশরের নিরাপত্তা কর্মকর্তারা। মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে কাতারও।
