২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রীর

এর মধ্য দিয়ে পাকিস্তানে নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের পথ সুগম হবে।

পাকিস্তানে ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 04 Aug 2023, 07:13 PM

Updated : 04 Aug 2023, 07:13 PM

পাকিস্তানের পার্লামেন্ট ৯ অগাস্টে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পার্লামেন্টের মেয়াদ শেষের তিনদিন আগেই তিনি তা ভেঙে দেওয়ার এ প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার একথা জানিয়েছেন রাজনৈতিক কয়েকটি সূত্র। এর মধ্য দিয়ে পাকিস্তানে নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের পথ সুগম হবে।

পাকিস্তানে কয়েকমাসের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরাবস্থার কারণে নির্বাচন পিছাতে হতে পারে এমন জল্পনার পর এবার নির্বাচনের পট প্রস্তুত হচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ক্ষমতাসীন জোটের সম্মানে একটি নৈশভোজ-সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ এবং নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া সিদ্ধান্ত জোটের নেতাদের জানান প্রধানমন্ত্রী।

ভোজে অংশ নেওয়া দুই পার্লামেন্ট সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। পার্লামেন্টের ৫ বছর মেয়াদ শেষ হচ্ছে ১২ অগাস্টে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হয়। আর পার্লামেন্ট মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হয়।

পার্লামেন্টের এক সদস্য বলেন, “তিনি (শাহবাজ) বলেছেন, নির্বাচন অনুষ্ঠান করতে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ে তিনি তার মিত্রদের সঙ্গে আলাপ করবেন।”

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তথ্যমন্ত্রণালয় কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মেয়াদ শেষের তিনদিন আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সঙ্গে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে প্রধানমন্ত্রী শরিফ ও তার মিত্ররা কিছুটা সময় পাবে।

পাকিস্তানে ২০১৮ সালে ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার যাত্রা শুরু করেছিল। কিন্তু গত বছর এপ্রিলে পার্লামেন্টে বিরোধীদের আনা আস্থা ভোটে হেরে ইমরান সরকার ক্ষমতাচ্যুত হয়। বিরোধীরা পরে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করে।