নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনের চেষ্টার মাঝেই রাজনৈতিক উত্তেজনা। নির্বাচনের আগে ভিত্তিহীন তথ্যে আরব নেতাদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন গাদি আইজেনকোট।
ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকোট বলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আর এক মিনিটও সরকারপ্রধানের পদে থাকতে পারেন না’।
নেতানিয়াহুর এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর রোববার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আরব নিউজ।
সম্ভাব্য জাতীয় ঐকমত্যের সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দুই নেতার প্রতিনিধিদের বৈঠকের কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এই তীব্র আক্রমণ শানালেন আইজেনকোট।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, “বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি সুস্পষ্ট, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি।”
এর আগে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রাক্কালে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরায়েলি দল ‘রা আম’-এর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
চ্যানেল ১২-এর তথ্যমতে, ওই ফোনালাপে নর্ডেন পুলিশ কর্মকর্তাদের গোয়েন্দা সূত্র হিসেবে দাবি করা এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। ওই ব্যক্তি নেতানিয়াহুর দপ্তরেরই সাবেক কর্মী ছিলেন।
ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে রা’আম দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর নেতানিয়াহু তাদের বিরুদ্ধে নির্বাচনি জালিয়াতির অভিযোগ তুলে আক্রমণাত্মক প্রচার শুরু করেন।
তবে ওই সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে পুলিশ নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার তিন ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়।
আইজেনকোটের দলের এক বিবৃতি অনুযায়ী, রোববার তিনি বলেছেন, “আমি অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরুর দাবি জানাচ্ছি।”
এর জবাবে নেতানিয়াহুর দপ্তর চ্যানেল ১২-এর প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। দপ্তরের ভাষ্য, নর্ডেন তার ‘নাগরিক দায়িত্ব পালন করেছেন’।
বিরোধীদের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে ধরতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আরব দলগুলো এবং পুরো নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের বিরোধী শিবির, কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।
প্রধান দুটি আরব দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রা’আম’ ইতিমধ্যে আইজেনকোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার নেতানিয়াহু একটি ঐকমত্যের সরকারে যোগ দিতে আইজেনকোটকে আহ্বান জানিয়েছিলেন। তবে সাবেক এই সেনাপ্রধান নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ছলচাতুরি’ করা এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
