২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোয় ফ্লাইট স্থগিত করেছে তুর্কিমেনিস্তান এয়ারলাইন্স

রাশিয়ার রাজধানীর আকাশসীমা পরিস্থিতি এবং ফ্লাইটের নিরাপত্তা নিয়ে ঝুঁকির কারণে তুর্কমেনিস্তান এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করেছে বলে জানিয়েছে।

মস্কোয় ফ্লাইট স্থগিত করেছে তুর্কিমেনিস্তান এয়ারলাইন্স

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 10:55 PM

Updated : 02 Aug 2023, 10:54 PM

রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেইনের ড্রোন হামলার পর নিরাপত্তা উদ্বেগে তুর্কমেনিস্তানের পতাকাবাহী বিমান সংস্থা তুর্কমেন এয়ারলাইন মস্কোর সঙ্গে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।

বুধবার এয়ারলাইনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মস্কোর আকাশ সীমার বর্তমান পরিস্থিতির কারণে এবং ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তুর্কমেনিস্তান এয়ারলাইন্সের আশখাবাদ-মস্কো-আশখাবাদ রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে।”

এর পরিবর্তে তারা এখন কাজানে ফ্লাইট পরিচালনা করবে, যেটি মস্কো থেকে ৭০০ কিলোমিটার পূর্বে।

গত কয়েকদিনে মস্কো ও এর আশেপাশের এলাকার আকাশ থেকে ইউক্রেইনের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। যদিও এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মস্কোর বাণিজ্যিক জেলায় একটি সুউচ্চ ভবনে গত মঙ্গলবার তিন দিনের মধ্যে দ্বিতীয়বারে মত ড্রোন হামলা হয়। ওই ভবনে রাশিয়া সরকারের তিনটি মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে।

কিইভ ওই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করলেও সরাসরি হামলার দায় স্বীকার করেনি। ড্রোন হামলার কারণে মস্কোর ভিনুকোভা বিমানবন্দরটি  সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। যদিও বর্তমানে সেখানে পুরোদমে বিমান উঠা-নামার কাজ চলছে।