২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বিনামূল্যে খাদ্য কর্মসূচি শুরুর পথে ইন্দোনেশিয়া, দেশজুড়ে খুলবে রান্নাঘর

আগামী ২০ অক্টোবর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন প্রবোও সুবিয়ান্ত। তার পরিকল্পনার প্রথম ধাপেই জানুয়ারি থেকে শিক্ষার্থীদের জন্য শুরু হবে এই কর্মসূচি।

বিনামূল্যে খাদ্য কর্মসূচি শুরুর পথে ইন্দোনেশিয়া, দেশজুড়ে খুলবে রান্নাঘর
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 08 Oct 2024, 06:39 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নেতৃত্বাধীন সরকার কোটি কোটি ডলারের বিনামূল্যে খাবার কর্মসূচি শুরু করতে চলেছে জানুয়ারিতে। সে লক্ষ্যে আগামী বছর দেশজুড়ে খোলা হবে হাজার হাজার রান্নাঘর। 

সরকারের এই উদ্যোগ পরিচালনাকারী একটি পুষ্টি সংস্থার প্রধান মঙ্গলবার একথা জানিয়েছেন।

আগামী ২০ অক্টোবর ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন প্রবোও। তার পরিকল্পনার প্রথম ধাপে জানুয়ারি থেকে ৭১ লক্ষ কোটি রুপিয়াহ (৪.৫৪ বিলিয়ন ডলার) ব্যয়ে প্রায় ২ কোটি শিক্ষার্থীকে খাবার দেওয়া হবে।

বিনামূল্যে খাবার কর্মসূচির লক্ষ্য দেশে অপুষ্টি অবসান করা। পুরোদমে এই কর্মসূচি চালানো হলে গর্ভবতী মা-সহ ৮ কোটি ৩০ লাখ প্রাপকের কাছে খাবার পৌঁছাবে। এতে বার্ষিক প্রায় ২ হাজার ৮ ০০ কোটি ডলার ব্যয় হবে। 

জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদন হিন্দায়ানা একটি বিনিয়োগ ফোরামকে বলেছেন, 'পরিষেবা ইউনিট' নামে কমপক্ষে ৫,০০০ রান্নাঘর আগামী বছর স্থাপন করা হবে। ২০২৭ সালের মধ্যে তা ৩০,০০০ ইউনিটে বৃদ্ধি করা হবে।

দাদান আরও জানান, " এসব ইউনিট কেবল রান্নাঘর হিসাবে কাজ করবে না, স্থানীয় কৃষি পণ্যর ক্রেতা হিসাবেও ভূমিকা রাখবে। এমনকি ইউনিটগুলো ১০ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি করবে।”

পুষ্টি সংস্থার তথ্য ও সপ্তাহে ছয় দিনের হিসাব অনুযায়ী, আগামী বছর এ কর্মসূচির আওতায় খাদ্য চাহিদা হবে তিন লাখ ১২ হাজার মেট্রিক টন চাল, ৫ লাখ ৪৬ হাজার মেট্রিক টন মুরগির মাংস বা ৪৬৮ কোটি ডিম, ৯৩ কোটি ৬০ লাখ লিটার দুধ ও ৫ লাখ ৪৬ হাজার মেট্রিক টন সবজি।

দাদান জানান, ৩ হাজার শিক্ষার্থীকে দেওয়ার জন্য একটি রান্নাঘরে প্রতিদিন ২০০ কেজি চাল, ৩৫০ কেজি মুরগির মাংস বা ৩ হাজার ডিম, ৬০০ লিটার দুধ এবং ৩৫০ কেজি সবজি রান্না করা হবে।

পুষ্টি সংস্থা স্থানীয় কৃষকদের কাছ থেকে খাদ্য সংগ্রহকে অগ্রাধিকার দেবে এবং প্রাপ্যতার ভিত্তিতে খাবারের মেন্যু ঠিক করা হবে বলেও জানান দাদান।