২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকবিধি: ইরানের রাস্তায় ফের নীতি পুলিশের টহল

ইরানি পুলিশের মুখপাত্র বলেছেন, দেশজুড়ে নীতি পুলিশের টহল শুরু হয়েছে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোশাকবিধি: ইরানের রাস্তায় ফের নীতি পুলিশের টহল

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 09:15 PM

Updated : 18 Jul 2023, 11:15 AM

নারীদের পোশাকবিধি মেনে চলা, জনসম্মুখে চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা নিশ্চিত করতে ইরানের রাস্তায় রাস্তায় আবার বিতর্কিত টহল শুরু করেছে নীতি পুলিশ।

রোববার ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরুল মাহদি বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, দেশজুড়ে নীতি পুলিশের টহল শুরু হয়েছে। যারা ঠিকমত হিজাব পরবে না কিংবা পোশাকবিধি মেনে চলার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইরানে মাশা আমিনির মৃত্যুর ১০ মাস পর আবার নীতি পুলিশের এই বিতর্কিত টহল শুরু হল। পোশাকবিধি ঠিকমত মেনে হিজাব না পরার অভিযোগে গত বছর সেপ্টেম্বরে মাশা আমিনি নামের এই কুর্দি তরুণীকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’।

এরপর পুলিশের হেফাজতে তার মৃত্যু ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছিল ইরান। বড় বড় শহরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভ রূপ নিয়েছিল সরকার বিরোধী বিক্ষোভে।

ইরানে ১৯৭৯ সালের ইসলামির বিপ্লবের পর সেটিই ছিল দেশটির ধর্মীয় নেতাদের শাসনকে চ্যালেঞ্জ জানানো সবচেয়ে বড় বিক্ষোভ।

নারীরা হয়ে উঠেছিল প্রতিবাদে সোচ্চার। তারা হিজাব খুলে তা বাতাসে উড়িয়ে এবং হিজাব পুড়িয়েও বিক্ষোভ করেছে। অনেকেই প্রকাশ্যে চুল না ঢেকেই বাইরে বেরিয়েছে।

দেশ জুড়ে এমন বিক্ষোভের আগুনের মুখে নীতি পুলিশের টহল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষ অন্যান্য পন্থায় পোশাকবিধি মানানোর চেষ্টা নিয়েছিল। কিন্তু সে চেষ্টা কাজে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে সাধারণ জনসমাগম স্থানগুলোতে প্রকাশ্যেই নারীদের হিজাব না পরার প্রবণতা বেড়ে যেতে দেখা গেছে।

ইরানের ইসলামি শরিয়া আইনানুযায়ী, সেদেশের মেয়ে বা নারীদের অবশ্যই মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। পরতে হয় শরীর ঢেকে রাখা লম্বা, ঢিলেঢালা পোশাক, যাতে শরীরের গঠন বোঝা না যায়।

এসব নিয়ম সবাই মেনে চলছে কিনা তা দেখার দায়িত্ব ইরানের নীতি পুলিশ বা নৈতিকতা রক্ষাকারী পুলিশের। কেউ আইন বিরোধী পোশাক পরলে তাকে আটক করার ক্ষমতাও আছে তাদের।

ইরানে পোশাকবিধি দেখভাল করার জন্য কাজ করা নীতি পুলিশের নাম ‘ঘাশত-ই ইরশাদ’ বা পথনির্দেশক টহলদার। ২০০৬ সাল থেকে এ বাহিনী কাজ শুরু করেছে।

তবে এবার আবার এই পুলিশ মাঠে নামলেও ইরানের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন, মাশা আমিনির মৃত্যুর আগে তারা পোশাকবিধি যতটা মানাতে পেরেছিল, এবার তারা তেমনটি পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন,“পাশাকবিধি না মেনে চলা মানুষের সংখ্যা এখন অনেক বেশি। তারা আমাদের সবাইকে সামলাতে পারবে না। শেষ যে কাজটি তারা করতে পারে তা হচ্ছে, কেবল আমাদের বিরুদ্ধে সহিংসতার আশ্রয় নেওয়া এবং শক্তি প্রয়োগ করা। কিন্তু তারা এটা করতে পারে না।”