২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ানোর দাবিতে যুক্তরাজ্যে নার্সদের সবচেয়ে বড় ধর্মঘট

ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে দুইদিনের এই ধর্মঘটের প্রথম দিন শুরু হয়েছে বৃহস্পতিবার।

বেতন বাড়ানোর দাবিতে যুক্তরাজ্যে নার্সদের সবচেয়ে বড় ধর্মঘট

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 08:24 PM

Updated : 15 Dec 2022, 08:24 PM

বেতন বাড়ানোর দাবিতে যুক্তরাজ্যজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটে নেমেছে হাসপাতালের হাজার হাজার নার্স।

বৃহস্পতিবার সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে দুইদিনের এই ধর্মঘটের প্রথম দিন শুরু হয়েছে।

ধর্মঘট চললেও নার্সরা জীবন-রক্ষাকারী জরুরি সেবা দেবেন বলে জানিয়েছে বিবিসি। তবে ধর্মঘটের কারণে ব্যাহত হতে পারে রুটিন কার্যক্রম।

দ্য রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) এর প্রধান প্যাট কুলেন বলেছেন, “নার্সিংয়ের জন্য আজ এক মর্মান্তিক দিন। রোগীদের জন্য মর্মান্তিক দিন।”

রয়্যাল কলেজ অব নার্সিং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। তবে ব্রিটিশ সরকার বলছে, বেতন এতটা বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়।

রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) বলেছে, তারা বেতন নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলের সঙ্গে দেখা করেছে। কিন্তু বার্কলে আলোচনা করতে চাননি।

ফলে বৃহস্পতিবার ধর্মঘটে নেমেছে ১ লাখ নার্স। এরপর আগামী ২০ ডিসেম্বরে (মঙ্গলবার) আবারও কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি রয়েছে নার্সদের।

তবে স্কটল্যান্ডে নার্সদের ধর্মঘটে নামার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। স্কটিশ সরকার আলোচনার টেবিলে বসতে রাজি হওয়ায় সেখানকার নার্সরা ধর্মঘটের কোনও ঘোষণা দেয়নি।