২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জেনিনে ইসরায়েলের অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের জেনিনে পরিস্থিতি গুরুতর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 05:15 PM

Updated : 26 Jan 2023, 05:15 PM

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে বয়স্ক এক নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, জেনিনে পরিস্থিতি গুরুতর। আরও অনেক মানুষ আহত হয়েছে এবং অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছতে পারছে না।

স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ইসরায়েলের টিয়ার গ্যাস আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিস্তারিত বেশি কিছু জানায়নি। তবে ইসরায়েলের গণমাধ্যম বলেছে, জঙ্গিদের বড় ধরনের হামলা নস্যাৎ করে দিতে তারা ব্যবস্থা নিয়েছে।

ফিলিস্তিনি গেরিলা দল হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, শহরটিতে তারা ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়ছে। সেখানে বার বার অভিযান চালিয়েছে ইসরায়েল।

বিবিসি জানায়, পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাস-বিরোধী হামলা চালাতে থাকায় সম্প্রতি সেখানে উত্তেজনা বেড়েছে।

এ বছর পশ্চিম তীরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত ২৯ ফিলিস্তিনি। এর মধ্যে ফিলিস্তিনি গেরিলা এবং সাধারণ মানুষও আছে।

গতবছর নিহত হয়েছিল ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এর প্রায় সবই মারা যায় ইসরায়েলি বাহিনীর হাতে। আর ইসরায়েলি নাগরিক ও সেনাদেরকে নিশানা করে চালানো ফিলিস্তিনের কয়েকদফা হামলায় নিহত হয়েছিল পুলিশ, সেনা ও সাধারণ মানুষসহ ৩০ জনের বেশি।