Published : 12 Jun 2026, 01:16 AM
আলোচনায় অগ্রগতি হওয়ার কথা বলে ইরানে বৃহস্পতিবার রাতের পূর্বনির্ধারিত সামরিক হামলা শেষ মুহূর্তে বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ট্রাম্প ট্রুথ সোশালেই এক পোস্টে বৃহস্পতিবার রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছিলেন।
এর কয়েকঘণ্টা পরই সেই হামলা বাতিলের ঘোষণা দিয়ে ট্রুথ সোশালে তিনি লেখেন, “ইরানের সঙ্গে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে অগ্রসর হয়েছে এবং বেশির ভাগ আঞ্চলিক দেশ সেটি অনুমোদন করেছে- এই বাস্তবতার ভিত্তিতে
“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি।”
ট্রাম্প আরও জানান, এই আলোচনার মূল বিষয় এবং চূড়ান্ত দিকগুলো নীতিগতভাবে এবং অত্যন্ত বিস্তারিতভাবে সংশ্লিষ্ট সব পক্ষই অনুমোদন করেছে।
এই পক্ষগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিশরসহ অন্যান্য দেশ রয়েছে।
তবে চুক্তি পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর জারি থাকা নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা করা হবে বলেও তিনি ট্রুথ সোশালের পোস্টে উল্লেখ করেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।