১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা চালানোর কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করছে ওয়াশিংটন।

নাইজেরিয়ায় ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ার কাওয়ারা রাজ্যে বন্দুকধারীদের হামলার পর তাদের পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি ও দোকানপাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক পুলিশ সদস্য। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 02:16 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সামরিক বাহিনীকে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ দিতে সেখানে প্রায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা চালানোর আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করছে ওয়াশিংটন; মঙ্গলবার রয়টার্সকে এমনটি জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।  

গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা নাইজেরিয়ায় ছোট একটি সেনাদল পাঠিয়ৈছে। কিন্তু সেই দলে কতোজন সেনা আছে তা পরিষ্কার করে জানায়নি। তবে আকাশপথে হামলা চালানোর পর নাইজেরিয়ায় মার্কিন স্থল সেনা পাঠানোর প্রথম স্বীকারোক্তি ছিল এটি। 

ওই কর্মকর্তা জানান, স্থানীয় বাহিনীগুলোকে সাহায্য করার জন্য ইতোমধ্যে কিছু মার্কিন সামরিক সদস্য নাইজেরিয়ায় আছেন আর নতুন করে যাদের পাঠানো হবে সেই ২০০ সেনা তাদের সঙ্গে যোগ দেবেন। 

কিন্তু বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।  

ট্রাম্প অভিযোগ করেছিলেন, পশ্চিম আফ্রিকার এই দেশটি তাদের উত্তরপশ্চিমাঞ্চলে তৎপর ইসলামপন্থি জঙ্গিদের থেকে ওই অঞ্চেলের খ্রীস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তার এই মন্তব্যের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রবল চাপে পড়ে নাইজেরিয়া। 

দেশটির খ্রীস্টানদের বিরুদ্ধে পদ্ধতিগত কোনো নিপীড়ন হওয়ার কথা প্রত্যাখ্যান করে নাইজেরিয়ার সরকার। তারা দাবি করে, ইসলামপন্থি জঙ্গিরা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো খ্রীস্টান ও মুসলিম, উভয়ের ওপর হামলা চালাচ্ছে ও হত্যা করছে আর হামলাকারীদের প্রতিরোধ করতে কাজ করছে তারা। 

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল ১৭ বছর ধরে ইসলামপন্থি বিদ্রোহীদের কেন্দ্রস্থল হয়ে রয়েছে। এখানে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর যোদ্ধারা সামরিক বাহিনীর বহর ও বেসামরিকদের ওপর হামলা চালিয়ে আসছে। সম্প্রতি তারা হামলা জোরদার করেছে।  

নাইজেরিয়ার লোকসংখ্যা ২৩ কোটিরও বেশি। দেশটিতে খ্রীস্টান ও মুসলিম জনসংখ্যা প্রায় সমান। দেশটির দক্ষিণাঞ্চলে খ্রীস্টানরা আর উত্তরাঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।