যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি নিয়ে হামাসের প্রস্তাব নাকচ করলেন নেতানিয়াহু
জিম্মিদের স্বজনরা নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করে জিম্মি মুক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।
গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার, বন্দি মুক্তি এবং গাজার শাসনভার হামাসের হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধ বন্ধ করাসহ জিম্মিদের মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে হামাস যুদ্ধ বন্ধ করা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং সব খুনি-ধর্ষকদের মুক্তি দাবি করছে। গাজায় হামাসকে অক্ষত অবস্থায় ছেড়ে যেতে বলছে তারা।
“হামাসের দানবদের এই আত্মসমর্পণের পরিভাষা আমি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এই শর্ত মানলে আমাদের নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারব না। ঘরছাড়া মানুষদের তাদের ঘরে নিরাপদে ফিরতে দিতে পারব না। আরেকটি ৭ অক্টোবর তখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।”
এর আগে গতবছর নভেম্বরে যুক্তরাষ্ট্র,কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে হওয়া চুক্তির আওতায় হামাসের হাতে ইসরায়েল থেকে ধরে এনে গাজায় জিম্মি করা ২৪০ জনের মধ্য থেকে ১০০’রও বেশি জনকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলি জেলে বন্দি থাকা ২৪০ ফিলিস্তিনির বিনিময়ে।
তখন থেকেই বাকি ১৩৬ জিম্মির মুক্তির জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়ে আসছেন নেতানিয়াহু। জিম্মিরা এবং নিখোঁজ পরিবারগুলোর ফোরাম এক বিবৃতিতে এই দাবি করেছে যে, “বেসামরিক নাগরিক, সেনা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে অপহৃত হওয়াদের ইসরায়েল পরিত্যাগ করবে না সেটি নেতানিয়াহুকে স্পষ্ট করে বলতে হবে।”
জিম্মিদের স্বজনরা নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করে জিম্মি মুক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা দ্রুতই জিম্মিদের প্রত্যাবর্তন চাইছে।
ওদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমস্যার সমাধান করার প্রশ্নেও নমনীয় না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছে নেতানিয়াহুর।
গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছিলেন, জর্ডান নদীর পশ্চিমে পুরো এলাকার নিরাপত্তায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতেই হবে। আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে তিনি বলেছেন, এমন রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপজ্জনক হবে।
