দক্ষিণ আফ্রিকায় বসতবাড়িতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০
খুনের হারে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে অজ্ঞাত বন্দুকধারীরা একটি বসতবাড়িতে অতর্কিত আক্রমণ ও একটি পরিবারের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এ ঘটনার কথা জানালেও শুক্রবার রাতের এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি।
দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
খুনের হারে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা। ছয় কোটি জনসংখ্যার দেশটিতে বছর প্রতি প্রায় ২০ হাজার খুনের ঘটনা রেকর্ড হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানুয়ারিতে দেশটির ইস্টার্ন কেইপ প্রদেশের জেকেবেরহা শহরে এক জন্মদিনের পার্টিতে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত ও তিনজন আহত হয়েছিল। এর আগে গত বছর দেশটিতে অনেকগুলো নির্বিচার বন্দুক হামলায় বহু মানুষ নিহত হয়েছিল।
