পার্লামেন্টে গুরত্বপূর্ণ ভোটের আগে হাসপাতালে নেতানিয়াহু
নেতানিয়াহু এমন একটি সময় অসুস্থ হলেন যখন সরকার প্রস্তাবিত ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট আসন্ন।
বুকে বসানো পেসমেকার ঠিক করতে জরুরি অস্ত্রপচারের জন্য শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তাকে তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানায় বিবিসি। হাসপাতালটির চিকিৎসকরা জানান, সব কিছু ঠিকঠাক মত হয়েছে এবং নেতানিয়াহু ভালো আছেন।
তবে নেতানিয়াহু এমন একটি সময় অসুস্থ হলেন যখন সরকার প্রস্তাবিত ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট আসন্ন।
বিচার বিভাগের সংস্কার পরিকল্পনা প্রস্তাবের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ইসরায়েলে গণবিক্ষোভ চলছে। দেশটির ইতিহাসে অতীতে কখনো কোনো বিষয়ে এত বৃহৎ ও দীর্ঘসময় ধরে গণবিক্ষোভ চলেনি।
বিক্ষোভকারীদের দাবি, নতুন যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। কারণ, সংস্কার প্রস্তাবে দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার কথা বলা হয়েছে।
আর সরকারের দাবি, এতে দেশের নির্বাচন প্রক্রিয়া আরো মসৃণ হবে।
রোববার পার্লামেন্টে প্রস্তাবিত বিলটি নিয়ে বিতর্ক হবে। এবং আগামী সোমবার ভোট অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছে বিবিসি।
এদিকে, শনিবার রাতে অস্ত্রোপচারের পর রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি ‘দারুণ’ আছি। কিন্তু চিকিৎসকদের কথা মেনে চলছি।
গত কয়েকদিন ধরেই নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত সপ্তাহে ডাইরিয়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
রোববার রাতে নেতানিয়াহুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে তার কার্যালয় থেকে আশা প্রকাশ করা হয়েছে।
বলেছে, বাড়িতে ফিরে গেলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাইপ্রাস ও তুরস্ক সফরের তারিখ পরিবর্তন করে পুনরায় নির্ধারণ করা হবে।
বিদেশ সফর বাতিল হলেও পার্লামেন্টের অধিবেশনে যোগ দেওয়ার জন্য যেটুকু সুস্থতা দরকার সেটা তিনি যথা সময়ে হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন নেতানিয়াহু।
