Published : 20 May 2026, 03:40 PM
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বলেছে, তাদের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে ইরাকের ভূখণ্ড থেকে।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রোববার ও সোমবার ৪৮ ঘণ্টায় ইউএইয়ের বিরুদ্ধে ইরাক থেকে ছয়টি ড্রোন ছোড়া হয়েছে, এগুলোর মধ্যে একটির আঘাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাকি পাঁচটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
তারা জানায়, ড্রোনগুলোর মধ্যে তিনটি বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছিল।
এই প্রকল্পটি আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একটি ড্রোন ইউএইয়ের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিদ্যুৎকেন্দ্রের ভেতরের ঘেরের বাইরে থাকা বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে আর এতে সেখানে আগুন ধরে যায়।
ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন জানিয়েছে, হামলা সত্ত্বেও কেন্দ্রটি নিরাপদ আছে আর তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক আছে, কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি।
আমিরাতের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের ‘সন্ত্রাসী হামলাগুলোর’ জবাব দেওয়ার পূর্ণ অধিকার সংযুক্ত আরব আমিরাতের আছে।
রয়টার্স লিখেছে, ইরাকে ইরান সমর্থিত শক্তিশালী মিলিশিয়া বাহিনী আছে। এসব বাহিনী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে ‘ইরাক ও সংলগ্ন অঞ্চলে শত্রু ঘাঁটিগুলোর’ বিরুদ্ধে হামলা চালানোর দাবি করেছিল।
পরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে ডাকা বৈঠকে বিশ্ব সংস্থাটিতে নিযুক্ত ইউএইয়ের রাষ্ট্রদূত বলেনে, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে ঘটনাটি ঘটেছে। একটি রাষ্ট্র ও তার ছায়া বাহিনীগুলোর ক্রমাগত আন্তঃসীমান্ত হামলা অঞ্চলটিকে চরম উত্তেজনা ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
নিরাপত্তা পরিষদের এ বৈঠকে ইরানের মিত্র রাশিয়া ও চীন হামলাটির নিন্দা করেছে। চীনের রাষ্ট্রদূত হামলাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ ও রাশিয়ার রাষ্ট্রদূত একে ‘স্পষ্টভাবে অগ্রহণযোগ্য’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনার জন্য হুমকি হয়, এমন কোনও সামরিক তৎপরতা গ্রহণযোগ্য নয়।
সৌদি আরব রোববার জানিয়েছে, তারাও ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে।
ইরাক বলেছে, তাদের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছে এমন কোনো ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্ত হয়নি।
আরও পড়ুন: