২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: সংঘাতে ব্যাহত উদ্ধার তৎপরতা, মৃত্যু পেরোল ৩৩ হাজার

লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: সংঘাতে ব্যাহত উদ্ধার তৎপরতা, মৃত্যু পেরোল ৩৩ হাজার

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 02:13 PM

Updated : 12 Feb 2023, 11:29 PM

দক্ষিণ তুরস্কের কিছু এলাকায় অস্থিরতা ভয়াবহ ভূমিকম্প পরবর্তী চলমান উদ্ধার তৎপরতাকে ব্যাহত করছে বলে জানিয়েছে তিনটি উদ্ধারকারী দল।

সোমবার সিরিয়া ও তুরস্কে আঘাত হানা ওই ভূমিকম্পে মৃত্যুও ৩৩ হাজারের ঘর পেরিয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা ২৯,৬৯৫ জনে দাঁড়িয়েছে। আর সিরিয়ায় নিহত ৩ হাজার ৫শ’র বেশি।

হাতেগোনা কয়েকজনকে ‘অলৌকিকভাবে’ পাওয়া গেলেও সময় যত পেরোচ্ছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে বেশি মানুষকে জীবিত উদ্ধারের আশাও ততই ফিকে হচ্ছে।

বিবিসি জানিয়েছে, অনামা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে উদ্ধৃত করে শনিবার জার্মান উদ্ধারকারী দল ও অস্ট্রিয়ান সেনাবাহিনী তাদের তল্লাশি অভিযান স্থগিত ঘোষণা করে।

খাদ্য সরবরাহ কমে আসায় নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটারও আশঙ্কা করা হচ্ছে, বলেছেন এক উদ্ধারকর্মী। 

তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে তিনি প্রয়োজনে জরুরি ক্ষমতার ব্যবহার করবেন।

শনিবার অস্ট্রিয়ার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল পিয়েরে কুগেলওয়েইস জানান, হতাই প্রদেশে অজ্ঞাত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের কারণে অস্ট্রিয়া বাহিনীর দুর্যোগ ত্রাণ ইউনিটের অনেক কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সঙ্গে বেইজ ক্যাম্পে আশ্রয় নেয়।

অস্ট্রিয়া তাদের উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুরস্কের সেনাবাহিনী অস্ট্রিয়ার কর্মীদের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়ায় উদ্ধার অভিযান ফের শুরুর সুযোগ সৃষ্টি হয়েছে।

তল্লাশি ও উদ্ধারকারী গোষ্ঠী আইএসএআররের জার্মান শাখা এবং জার্মান ফেডারেল এজেন্সি ফর টেকনিকাল রিলিফও (টিএসডব্লিউ) নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে তাদের অভিযান স্থগিত রেখেছে।

“নানান অংশের মধ্যে সংঘাতের অনেক অনেক খবর আসছে, গুলিও ছোড়া হয়েছে,” বলেছেন আইএসএআরের মুখপাত্র স্তেফান হেইন।

Image

ছবি: রয়টার্স

আইএসএআরের অপারেশনস ম্যানেজার স্টিভেন বায়ার বলেছেন, খাবার, পানি ও আশা কমে এলে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে হচ্ছে।

“আমরা নিরাপত্তা পরিস্থিতি, এটি কোথায় যাচ্ছে তার ওপর নজর রাখছি,” বলেছেন তিনি।

জার্মান উদ্ধারকারী দলগুলো বলেছে, তুরস্কের কর্তৃপক্ষ পরিস্থিতিকে নিরাপদ মনে করলে তারা ফের তাদের কাজ শুরু করবে।

“আমরা জরুরি অবস্থা জারি করেছি। এর অর্থ হচ্ছে, যারা লুটপাট ও অপহরণে জড়িত, তাদের এখন থেকেই জেনে রাখা উচিত, রাষ্ট্রের শক্ত হাত তাদের তাড়া করছে,” দুর্যোগকবলিত এলাকা সফরে গিয়ে বলেছেন এরদোয়ান। 

শনিবার ‍তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।

একাধিক বন্দুক, বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ব্যাংকের কার্ড জব্দ করা হয়েছে, বলেছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম।

“লোকজন দোকান ও গাড়ির বেড়া ও জানালা ভাঙচুর করছে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন আনতাকিয়ায় ধসে পড়া একটি ভবনের ভেতর সহকর্মীর খোঁজ চালিয়ে যাওয়া ২৬ বছর বয়সী এক তরুণ।   

ভবন ধসের ঘটনায় গাজিয়েনতেপ ও সানলিউরফা প্রদেশ থেকে তুরস্কের পুলিশ ঠিকাদারসহ ১২ জনকে আটকও করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিএইচএ।

শনিবার তুরস্কের প্রধানমন্ত্রী ফুয়াত ওকতাই সাংবাদিকদের বলেছেন, ভবন ধস নিয়ে ১১৩টি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন কৌঁসুলিরা। যার মানে দাঁড়ায়, তুরস্কের কর্তৃপক্ষ আরও অনেককেই আটক করতে যাচ্ছে।

Image

ছবি: রয়টার্স

সোমবারের জোড়া ভূমিকম্পে তুরস্কে অন্তত ৬ হাজার ভবন ধসে পড়েছে।

ব্যাপক ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কজুড়ে এখন এত বড় ট্র্যাজেডি কি এড়ানো যেত না, জীবন বাঁচাতে প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সরকার আরও কিছু করতে পারত কিনা, এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

কয়েক মাস পরেই তুরস্কে জাতীয় নির্বাচন। প্রাণঘাতী এই ভূমিকম্প এরদোয়ানের নির্বাচনী প্রস্তুতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং মুদ্রা লিরার অবনমনের কারণে আগেই তার জনপ্রিয়তা তলানিতে ছিল।

এখন উদ্ধার ‍কাজে ধীরগতি এবং ত্রাণ বিতরণে বিলম্ব জনমনে ক্ষোভ আরো বাড়িয়ে দিচ্ছে। যার মূল্য হয়তো ভোটের মাঠে দিতে হবে এরদোয়ানকে, প্রথমে প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হিসেবে যিনি গত দুই দশক ধরে তুরস্কের ক্ষমতা আঁকড়ে ধরে আছেন।

পুরনো খবর:

ভূমিকম্প পরবর্তী ব্যর্থতায় ‘নড়বড়ে এরদোয়ানের মসনদ’
তুরস্কে কমেছে উদ্ধার কাজের গতি, ফিকে হচ্ছে আশা