১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৈশ্বিক সাহায্য হ্রাসে তীব্র ক্ষুধার মুখে ১ কোটি ৩৭ লাখ মানুষ: বিশ্ব খাদ্য কর্মসূচী

ট্রাম্প ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি বৈদেশিক সহায়তা ব্যাপক কাটছাঁটা করেছে।

বৈশ্বিক সাহায্য হ্রাসে তীব্র ক্ষুধার মুখে ১ কোটি ৩৭ লাখ মানুষ: বিশ্ব খাদ্য কর্মসূচী
খাদ্যের সন্ধানে ঘুরছে আফ্রিকার এক ক্ষুধার্ত শিশু। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, বৈশ্বিক মানবিক সাহায্য হ্রাস করার কারণে আফগানিস্তান, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, হাইতি, সোমালিয়া, দক্ষিণ সুদান ও সুদানে প্রায় ১ কোটি ৩৭ লাখ মানুষ তীব্র অনাহারের ঝুঁকির মুখে আছে। 

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা দেশ ছিল। কিন্তু ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি বৈদেশিক সহায়তা ব্যাপক কাটছাঁটা করেছে। এর পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ দেশগুলোও উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে সাহায্য হ্রাস করেছে বা করার ঘোষণা দিয়েছে।  

বুধবার রোমভিত্তিক সংস্থাটি বলেছে, “ডব্লিউএফপির তহবিল আর কখনো এর চেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েনি। ২০২৫ সালে সংস্থাটি ৪০ শতাংশ কম তহবিল পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে সম্ভাব্য বাজেট ৬৪০ কোটি ডলার হবে, যা ২০২৪ সালের এক হাজার কোটি ডলার থেকে অনেক কম।  

‘এ লাইফলাইন অ্যাট রিস্ক’ শিরোনামের এক প্রতিবেদনে ডব্লিউএফপি সতর্ক করে বলেছে, তাদের খাদ্য সহায়তায় কাটছাঁটের ফলে এক কোটি ৩৭ লাশ মানুষ ‘সঙ্কটজনক’ থেকে ‘জরুরি’ মাত্রার ক্ষুধার মুখোমুখি হতে পারে। এটি পাঁচ স্তরের আন্তর্জাতিক ক্ষুধা সূচকে দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, “ডব্লিউএফপির কী করা উচিত আর আমরা কী করতে সক্ষম তার মধ্যকার ফারাক কখনও বড় ছিল না। ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কয়েক দশকের কর্মসূচীগুলো হারানোর ঝুঁকির মধ্যে আছি।”