যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে গুলিতে নিহত ১
আক্রোন শহরে এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন। হামলাকারী সন্দেহে এখনও কেউ শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছে।
বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৫ টার দিকে আক্রোন শহরে এই হামলা হয়।
হামলাকারী সন্দেহে এখন পর্যন্ত কেউ শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আক্রেনের পুলিশ বিভাগ।
ঘটনাস্থলের কাছে কেলি স্ট্রিট এবং এইটথ অ্যাভিনিউয়ে গিয়ে পুলিশ কর্মকর্তারা কয়েক ডজন গুলির খোসা এবং একটি বন্দুক পেয়েছেন বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে।
বিবিসি-কে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অন্তত ২৫ জনকে গুলি করেছিল হামলাকারী। তাদেরই একজনের মৃত্যু হয়েছে।
আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক না হলেও কারও কারও অবস্থা খুবই গুরুতর বলে জানানো হয়েছে বিবৃতিতে।
