যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি ছাড়তে আরও সময় নেবে মার্কিন কোম্পানি
যুদ্ধ শুরুর পর ছবি পেতে ৪ দিন দেরি হবে বলে সময় বেঁধে দিয়েছিল প্ল্যানেট ল্যাবস। সোমবার থেকে দেরির ওই সময় বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে।
প্রতিপক্ষরা যেন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলায় উপগ্রহের ছবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যের ছবি পেতে বিধিনিষেধ আরও বাড়িয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবস।
পৃথিবীর নানান অংশের ছবি তোলার জন্য স্যাটেলাইট বা উপগ্রহের একটি বিরাট বহর রয়েছে প্ল্যানেটের, তারা তাদের অত্যাধুনিক সব ছবি নিয়মিতই বিভিন্ন দেশের সরকার, কোম্পানি ও গণমাধ্যমের কাছে বিক্রি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন এ কোম্পানিটি সোমবার তাদের ক্রেতাদের বলেছে, তাদের মধ্যপ্রাচ্য সংক্রান্ত কোনো ছবি পেতে এখন ১৪ দিন লাগবে। গত সপ্তাহে তারা এ দেরির সময় বেঁধে দিয়েছিল ৪ দিন।
“এই পদক্ষেপ সাময়িক। ছবি যেন কোনোভাবেই শত্রুপক্ষের হাতে না যায় এবং তারা সেটাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, তাই সেগুলোর বিস্তারের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে।
“এই সংঘাতটি পরিবর্তনশীল এবং অনেক দিক থেকেই অন্যান্য সংঘাতগুলোর চেয়ে ভিন্ন। তাই প্ল্যানেট কঠোর পদক্ষেপ নিচ্ছে, যেন আমাদের তোলা ছবিগুলো কোনোভাবেই মিত্র ও নেটো বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত না হয়,” রয়টার্সকে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছেন প্ল্যানেটের এক মুখপাত্র।
তবে উপগ্রহের ছবি নিয়ে কাজ করা অনেক বিশেষজ্ঞ বলছেন, প্ল্যানেট ইরানের প্রবেশাধিকার ঠেকাতে যে পদক্ষেপ নিয়েছে, তা কাজে নাও দিতে পারে, কারণ তেহরান চাইলে চীনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিদ্বন্দ্বিদের মাধ্যমে বাণিজ্যিকভাবেই অনেক ছবি সংগ্রহ করতে পারবে।
মহাকাশ যুদ্ধের আওতা
নিশানা শনাক্ত, ক্ষেপণাস্ত্রকে পথ চিনিয়ে দেওয়া, ক্ষেপণাস্ত্রের ওপর নজর রাখা থেকে শুরু করে যোগাযোগ প্রায় সব কিছুর জন্যই এখন অনেক দেশের সামরিক বাহিনী মহাকাশের ওপর নির্ভরশীল।
আধুনিক যুদ্ধবিগ্রহে মহাকাশের ভূমিকা যে কতটা তা স্পষ্ট হবে কয়েকদিন আগে বলা মার্কিন কর্মকর্তাদের কথাতেও। তারা বলছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে যারা ‘অগ্রবর্তী দলের’ ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে তাদের মহাকাশ বাহিনীও আছে।
কীভাবে তারা হামলায় সহায়তা করেছেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি মার্কিন মহাকাশ কমান্ডের মুখপাত্র। সাধারণত এ কমান্ডটি ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণে সহায়তা, নিরাপদ যোগাযোগ নিশ্চিত এবং মাটিতে থাকা মার্কিন বাহিনী ও যৌথ বাহিনীগুলোকে ‘ওভারওয়াচে’ (ওপর থেকে নজরে রাখা) পেন্টাগনের উপগ্রহ ব্যবহারে ভূমিকা পালন করে।
আগে কেবল মহাকাশে পরাশক্তিরাই উচ্চমাত্রার উপগ্রহের ছবি ব্যবহারের সুযোগ পেত, কিন্তু বাণিজ্যিক উপগ্রহের ছবি এখন মাঠ সমান করে দিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যে অভিজ্ঞতা হয়েছে ইউক্রেইনেরও। এখন স্যাটেলাইট পরিচালনাকারীরা এআই বা কৃত্রিতম বুদ্ধিমত্তার সাহায্যে এমনকী দ্রুতগতিতে ছবি বিশ্লেষণ ও প্রাসঙ্গিক লক্ষ্যবস্তু শনাক্তও করতে পারছে।
“আগে এই ধরনের বিশেষজ্ঞ বিশ্লেষণ কেবল উঁচুমাপের সামরিক বিশ্লেষকেরাই করতে পারতেন। এখন সেটা আর তাদের দখলে নেই। শেষ পর্যন্ত এটি মহাকাশে ‘সবকিছু দেখতে পারা’ চোখ তৈরি করবে, যার ফলে সামরিক শক্তি গোপন করা কিংবা যুদ্ধে প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার পথ বন্ধ করে দেবে,” বলেছেন প্রতিরক্ষা খাত বিষয়ক পরামর্শক ও ব্রিটিশ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ক্রিস মুর।
