সিরিয়ায় গভর্নর দপ্তরে বিক্ষোভকারীদের হামলা, ২ মৃত্যু
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির সুইদা প্রদেশের কেন্দ্রীয় শহরে এ ঘটনা ঘটে।
সিরিয়ার অবনতি হতে থাকা অর্থনৈতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ কয়েক ডজন বিক্ষোভকারী দক্ষিণাঞ্চলীয় শহর সুইদায় প্রাদেশিক গভর্নরের দপ্তরে হামলা চালিয়ে তা তছনছ করেছে বলে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার এই ঘটনার আগে সংখ্যালঘু দ্রুজ ধর্মীয় গোষ্ঠী অধ্যুষিত শহরটির কেন্দ্রস্থলের ওই গভর্নর দপ্তরের চারপাশে দুই শতাধিক লোক জড়ো হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে শ্লোগান দেয়।
সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ বিরল ঘটনা এবং সাধারণত কর্তৃপক্ষ এগুলো সহ্য করে না, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে তারা ‘আসাদের পতন হউক’ বলে শ্লোগান দেয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, বহু ‘আইনবিরোধী’ গভর্নর দপ্তরে হামলা চালিয়ে ফাইল ও দাপ্তরিক কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আইনবিরোধীরা’ শহরের পুলিশ সদরদপ্তরের দখল নেওয়ারও চেষ্টা করে, এতে সৃষ্ট সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সব আইনবিরোধীকে ধরবো এবং যে কেউ (সুইদা) প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবনতি ঘটানোর সাহস দেখাবে তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবো।”
তিন জন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ঘটনার সময় গভর্নর ভবনটিতে ছিলেন না, বিক্ষোভকারীরা হামলা চালানোর আগেই সবাইকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় নিউজ ওয়েবসাইট সুওয়াইদা টোয়েন্টিফোরের সম্পাদক ও নাগরিক আন্দোলনকারী রায়ান মারুফ বলেছেন, “গভর্নর দপ্তরের ভেতরে সব পুড়ে গেছে।”
গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“সেখানে ব্যাপক গোলাগুলি হয়েছে,” রয়টার্সকে বলেছেন তিনি। তবে প্রচুর পুলিশ মোতায়েন থাকা ওই এলাকায় কোথা থেকে গুলি করা হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
শহরের হাসপাতালের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গুলিবিদ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা সহিসংসতা থেকে সুইদা প্রদেশ অনেকটাই মুক্ত ছিল। ইসলামের মূলধারা দিয়ে প্রভাবিত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় আসাদের শাসনের বিরুদ্ধে প্রধানত সুন্নি বিদ্রোহীদের লড়াই থেকে দীর্ঘদিন ধরে নিজেদের দূরে রেখেছে।
পাশাপাশি সম্প্রদায়ের অনেক নেতা ও দ্রুজদের শীর্ষ ধর্মীয় নেতারা সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।
ধ্বংসাত্মক যুদ্ধের পর সিরিয়া এখন গভীর অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছে। দেশটির বাস্তুচ্যুত লাখ লাখ লোক খাবার ও নিত্য পণ্য যোগাতে হিমশিম খাচ্ছে।
সুইদার প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভকারীরা গভর্নর দপ্তরে প্রবেশের পর প্রেসিডেন্ট আসাদের ছবি নামিয়ে ফেলে।
