২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার ‘জঙ্গিরা’ আবার রকেট ছুড়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী

আল আকসায় ইসরায়েলি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্ব আর উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস।

গাজার ‘জঙ্গিরা’ আবার রকেট ছুড়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী

প্রতিনিধিত্বশীল ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 01:46 PM

Updated : 06 Apr 2023, 01:46 PM

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ‘জঙ্গিরা’ দ্বিতীয় দিনের মতো ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে।

বুধবার ভোররাতে ইসরায়েলি পুলিশ জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হালা চালানোর পর ইসরায়েল লক্ষ্য করে গাজা থেকে নয়টি রকেট ছোড়া হয়েছিল। এর জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।

গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থি ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হামাস ওই রকেট হামলার দায় স্বীকার না করলেও সেগুলো আল আকসায় ইসরায়েলি পুলিশের অভিযানের জবাব বলে মন্তব্য করেছে।

এরপর একইদিন রাতে ইসরায়েলি পুলিশ আবার আল আকসা মসজিদে অভিযান চালায়। প্রথম অভিযানে ১২ জন আহত হওয়ার পর দ্বিতীয় অভিযানে আরও ছয় ফিলিস্তিনি আহত হয়।

এই অভিযানের কিছুক্ষণ আগে ইসরায়েল লক্ষ্য করে গাজা থেকে আরও দুইটি রকেট ছোড়া হয়েছিল বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল।

এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা। তবে ভোর সকালে চালানো এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি।

মুসলিমদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের নিস্তার পর্বের প্রক্কাল্ আল আকসায় সংঘর্ষ এবং গাজা ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা সহিংসতায় আরও ইন্ধন যোগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল আকসায় ইসরায়েলি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্ব আর উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক রুদ্ধদ্বার বৈঠক হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

জেরুজালেমের আল আকসা মসজিদে ফের সহিংসতা