আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা
ইসরায়েলি পার্লামেন্টের সাবেক সদস্য ও জেহুত পার্টির এক নেতাকে আল আকসা প্রাঙ্গণে ইহুদি আচার পালন করতে দেখা গেছে।
জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশি সুরক্ষার মধ্যে অন্তত ৫০০ ইসরায়েলি বসতিস্থাপনকারী হামলা চালিয়েছে।
দীর্ঘদিনের ঐতিহাসিক চুক্তি বা ‘স্ট্যাটাস কো’ অনুযায়ী, অমুসলিমরা পর্যটক হিসেবে আল-আকসায় প্রবেশ করতে পারলেও সেখানে কোনো ধর্মীয় আচার বা প্রার্থনা করতে পারেন না। কিন্তু বুধবার, ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সুক্কোতের পঞ্চম দিনে তারা জোর করে আল আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তারা সেখানে তালমুডিক প্রার্থনা ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করে।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পার্লামেন্টের সাবেক সদস্য ও জেহুত পার্টির নেতা মোশে ফেইগলিনকে আচার-অনুষ্ঠান পালন করতে দেখা গেছে।
সম্প্রতি ইসরায়েলের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রী এই প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির। তিনি বলেছেন, “আমরা এই প্রাঙ্গণের মালিক, আমরা তাদের পরাজিত করেছি।”
ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ও তাদের বাধা দিয়ে এবং আল আকসার ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা লঙ্ঘন করে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েলি ইহুদিরা। বিভিন্ন ইহুদি ধর্মীয় উৎসবের দিনগুলোতে এ ধরনের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
