২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় লড়াইয়ে জাতিসংঘ ম্যান্ডেট চায় মিশর

লিবিয়ার চলমান সঙ্কট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 09:00 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

ফ্রান্সের ইউরোপ ওয়ান রেডিও’তে এক সাক্ষাৎকারে সিসি বলেন, “চরমপন্থি জঙ্গিদের কাছে আমরা লিবিয়ার জনগণকে কয়েদিদের মতো ফেলে এসেছি।”

২০১১ সাল থেকে লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী দু’টি দল দেশটির ক্ষমতা দখলের লড়াই করছে। সেখানে বর্তমানে দুইটি প্রতিদ্বন্দ্বী সরকার রয়েছে। একটি সরকার ত্রিপোলি ভিত্তিক এবং অন্যটি তোবরুক ভিত্তিক।

তোবরুক ভিত্তিক সরকারকে আন্তর্জাতিক মহল সমর্থন দিচ্ছে। সিসি তাদের অস্ত্র সরবরাহ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। ২০১১ সালে আন্তর্জাতিক বাহিনীর সহায়তায় লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরাশাসক মোহাম্মদ গাদ্দাফিকে উৎখাত করা হয়।

আন্তর্জাতিক বাহিনীর ওই হস্তক্ষেপ সম্পর্কে সিসি বলেন, “ওটা ছিল একটি অসমাপ্ত অভিযান।”

ওদিকে, রোববার আইএস মিশরের ২১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। ওই ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর মিশর আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

এ হামলা চালানোর ব্যাপারে সিসি বলেন, “আমাদের হাতে আর কোন উপায় নেই। আমরা আর তাদের আমাদের সন্তানদের শিরশ্ছেদ করতে দিতে পারি না।”

আইএস জঙ্গিদের ওপর আবারো বিমান হামলা চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলেন, “আমাদের আবারো এটা করা প্রয়োজন। আমাদের সবাইকে একত্রিত হয়ে এটা করতে হবে।”

আইএস জঙ্গিরা ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় শহর সির্ত থেকে মিশরের বেশ কয়েকজন শ্রমিককে অপহরণ করে। সির্ত আইএস এর নিয়ন্ত্রণে।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার আইএস এর ক্যাম্প, প্রশিক্ষণ ক্ষেত্র ও অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে।

ফ্রান্সের সঙ্গে ৫২০ কোটি ইউরোর প্রতিরক্ষা চুক্তি করেছে মিশর। এই চুক্তির অধীনে মিশর ফ্রান্সের কাছ থেকে ২৪টি যুদ্ধ বিমান ক্রয় করবে।