১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগে শেষ হল ককরোচ পার্টির ৩৬ দিনের আন্দোলন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর টানা আন্দোলন শেষ করার ঘোষণা দিল তরুণদের নেতৃত্বাধীন দেশ কাঁপানো দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগে শেষ হল ককরোচ পার্টির ৩৬ দিনের আন্দোলন
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নয়া দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা উল্লাস করছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 08:57 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) শনিবার তাদের প্রতিবাদ শেষ করার ঘোষণা দিয়েছে আর দিল্লির যন্তর মন্তরে থাকা সমর্থকদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। সন্ধ্যায় ভারত সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা আসে, যেটি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে’ বলে জানানো হয়েছে। 

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর টানা ৩৬ দিনের আন্দোলন শেষ করার ঘোষণা দিল তরুণদের নেতৃত্বাধীন দেশ কাঁপানো দল সিজেপি। নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ধর্মেন্দ্রর পদত্যাগ সিজেপির প্রধান দাবি ছিল।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জীতেন্দ্র সিং পরিবেষ্টিত সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোশ রানকা সাংবাদিকদের বলেছেন, তাদের দাবিগুলোর বিষয়ে সরকার তার কথা রাখবে এমন ‘সৎ বিশ্বাস’ থেকে তারা আন্দোলন শেষ করার ঘোষণা দিচ্ছেন।

এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটির মুখপাত্ররা জানান, সরকার তাদের একটি দাবি ইতোমধ্যেই মেনে নিয়েছে আর বাকিগুলো মেনে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। সেগুলো হলো, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ যে মামলাগুলো করেছে সেগুলো তুলে নেওয়া হবে, ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না আর নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে আইন অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে ডি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোশ রানকা। ছবি: রয়টার্স 

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে ডি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোশ রানকা

সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, “সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় আমরা সব প্রতিবাদকারীকে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” 

আশুতোশ রানকা যোগ করেন, “৩৬ দিনের প্রতিবাদের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল থেকে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো চরম কিছু না কিন্তু মৌলিক আর সরকার এখন সেগুলো গ্রহণ করেছে।” 

দিল্লির কেন্দ্রস্থলর যন্তর মন্তর খালি করে দেওয়ার জন্য পুলিশ লাউডস্পিকারে প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানাচ্ছিল, এখন তাদের দাবিও মিটছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভের কারণে আশপাশের মার্কেটগুলোতে ভিড় কমে গিয়েছিল, যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আর দিল্লির অনেকগুলো মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। 

ককরোচের মুখপাত্র সৌরভ জানিয়েছেন, নিটের প্রশ্ন ফাঁসের কারণে আত্মহননকারী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবার প্রতি এক কোটি রুপি করে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা আর সরকার তা মেনে নিয়েছে। 

এছাড়াও তারা আরও পাঁচটি দাবির একটি চার্টার সরকারকে দিয়েছে। এগুলোর চারটিতে বিস্তৃত শিক্ষা সংস্কারের কথা বলা হয়েছে আর অপরটিতে পরীক্ষা সংস্কারের। 

“পেশ করা এই দাবিগুলো নিয়ে প্রায় চার সপ্তাহ পর আমরা আবার সরকারের সঙ্গে বসবো,” বলেন সৌরভ।  

২০ জুলাই যন্তর মন্তর থেকে ‘চলো সংসদ’ মিছিলের পর ভারতজুড়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করেছিল পুলিশ। সরকার এসব মামলা তুলে নেওয়ার বিষয়ে রাজি হয়েছে বলে সিজেপি জানিয়েছে। দেশজুড়ে ২০টি মামলার মধ্যে ১৫টিই হয়েছে দিল্লিতে।   

আরও পড়ুন: 

প্রশ্নফাঁস: আন্দোলনকারীদের দাবি মেনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক