মোদিকে ‘বড়া প্রধান’ দেখার আশায় ভাডনগরবাসী
গুজরাটের ভাদোদরা থেকে দীর্ঘ পথ পেরিয়ে যেতে হয় ভাডনগরে, প্রত্যন্ত এই শহরে গিয়ে দেখা যায় নরেন্দ্র মোদির জয়জয়কার।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থীর জন্মস্থান এই ভাটনগর, এই এলাকার বাসিন্দারা আশায় আছেন, তাদের ছেলেই হবে ভারতের পরবর্তী ‘বড়া প্রধান’ (প্রধানমন্ত্রী)।
ভাডনগরে শর্মিষ্ঠা তালাও, কীর্তিতোরণ, হাটকেশ্বরের মন্দির ইত্যাদি নানা ইতিহাস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এখন প্রধানমন্ত্রী হয়ে মোদিও নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বলেই তাদের ধারণা।
নয় পর্বের লোকসভা নির্বাচনে শেষ পর্বের ভোট গ্রহণ হবে ১২ মে। এরপরই ১৬ মে ঘোষিত হবে ফলাফল। তখনি জানা যাবে, মোদির আসলে কী হচ্ছেন।
ঘোড়শ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি গুজরাটের ভদোদরা ও উত্তর প্রদেশের বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩০ এপ্রিল ভাদোদরা আসনে ভোট হয়ে গেছে। বারানসিরে ভোট ১২ মে।
১৯৫০ সালের সেপ্টেম্বরে ভাডনগরে মোদির জন্ম। কট্টর হিন্দু সংগঠন আরএসএসের মাধ্যমে রাজনীতিতে পা রেখে এখন বিজেপির হয়ে প্রধানমন্ত্রী প্রার্থী তিনি। তার আগে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন গুজরাটের।
এক যুগ আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই ভাডনগর ‘মোদির গ্রাম’ নামেই পরিচিত। পুরনো কেল্লার ধাঁচে নির্মিত শহরের ভেতরে অলি-গলি দিয়ে একেবারে শেষ প্রান্তে রয়েছে ঘাঁচি ও মুসলিম মহল্লা। ঘাঁচিরা আদতে তেলি, নরেন্দ্র মোদি এই সম্প্রদায়েরই মানুষ।
ভাডনগরের পথে বাসযাত্রী গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা শিবনাথ রাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের ফল নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। গুজরাটের মানুষ বিশ্বাস করে, মোদিজী জয়ী হবেন।”
মোদির স্কুল ভাডনগর বিএন হাইস্কুলের শিক্ষক পি জি প্যাটেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোদি যে এত ওপরে উঠবেন, তা কেউ ভাবতে পারেনি।
ছাত্রজীবনে অভিনয় ও বির্তকে মোদির জুড়ি ছিল না বলেও মন্তব্য করেন এই প্রবীণ শিক্ষক।
মোদির পরিবার একসময়ে অমরথোল দরজার মুসলিম মহল্লার পাশেই বসবাস করতেন। খোঁজ নিয়ে জানা যায়, এক দশকের বেশি সময় আগে মোদির পরিবার এই শহরে ছেড়ে গেছেন।
স্থানীয় চা বিক্রেতা বিজেপি সমর্থক পংকজ বলেন, মোদিজীর মা গান্ধীনগরে মেয়ের কাছে থাকেন। দলের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার পর থেকে মোদি পরিবার একেবারে অন্তরালে।
তারা এখন এখানে কেউই থাকেন না। তাদের কোনো ঠিকানাও বলতে পারলো না কেউ।
মোদি মুখ্যমন্ত্রীর আসনে বসার পর ভাডনগরের চিত্র পাল্টে যায়। আধুনিক বাসস্ট্যান্ড, বিপিণি বিতান, দোকান-পাট, স্কুল, কলেজ, হাসপাতাল নানা কিছু গড়ে উঠেছে। এসব উন্নয়নের পেছনে একমাত্র অবদান মুখ্যমন্ত্রী মোদির বলে দাবি করেন স্থানীয়রা।
মুসলিম পাড়ার কাছে জন্ম নেয়া মোদিকে নিয়ে সারা ভারতের মুসলমানদের আতঙ্ক থাকলেও ভাডনগরে ভিন্ন চিত্র দেখা যায়।
২০০৩ সালে গুজরাট দাঙ্গার দায় থেকে আদালতের রায়ে মোদি রেহাই পেলেও মুসলিম সম্প্রদায় এখনো তাকেই এর হোতা বলে মনে করেন।
তবে গুজরাট দাঙ্গার ছায়া ভাডনগরে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করতে পারেনি বলে দাবি করেন ট্র্যাক্সিচালক আবদুল্লাহ মোহাম্মদ।
“মোদিজীকে প্রধানমন্ত্রী করতে ভাডনগরের একটি ভোটও অন্য কোথাও পড়েনি,” বলেন তিনি।
(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ)
