২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির বারানসি চ্যালেঞ্জ

হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসেবে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি নিজের রাজ্যের বাইরে উত্তর প্রদেশের বারানসিকে ভোটের লড়াইয়ের জন্য বেছে নিলেও তাতে উৎরানো যে সহজ হবে না, তা বুঝছেন এই আসনের বিজেপি নেতারাও।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বারানসি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:04 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

তবুও তারা গান্ধীদের পক্ষে
ক্ষমতায় এলে অবৈধ বাংলাদেশিদের তাড়াব : মোদি
মুসলিম ভোটের প্রত্যাশায় বিজেপিও
‘বিজেপিই জিতছে, তা বলা যাবে না’
কংগ্রেস না বিজেপি?
ভোটের মাঠে রূপালি জগতের তারকারা

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩০০ কিলোমিটার দূরের এই শহরে গিয়ে মঙ্গলবার জমজমাট প্রচারণা দেখা যায়। আর তাতে বিজেপির সঙ্গে পাল্লায় পিছিয়ে নেই কংগ্রেসও।

বারানসি উত্তর, বারানসি দক্ষিণ, বারানসি ক্যান্টনমেন্ট, রোহানিয়া ও সেবাপুরী- বিধানসভার এই পাঁচটি আসন নিয়ে গঠিত লোকসভার এই আসনে ভোটগ্রহণ হবে ১২ মে।

আর তার চারদিন পরই পুরো নির্বাচনের ফল আসবে, সেদিনই বোঝা যাবে ভারতের প্রধানমন্ত্রীর আসনে মোদিই বসছেন কি না।

বারানসিতে ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিজেপিরই প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী। দলের প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য এবার নিজের আসন ছেড়ে কানুপুরে লড়ছেন তিনি।

এই আ সনে মোদির পদ্মফুলের সঙ্গে কংগ্রেসের পাঞ্জা প্রতীকের প্রার্থী অজয় রাই। তবে লড়াইটা আরো জমিয়ে দিয়েছেন আলোড়ন তোলা দল আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পদত্যাগী এই মুখ্যমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে এই আসনে এসেছেন।

মোদির প্রধান নির্বাচন সমন্বয়কারী অশোক দেওয়ানের ভাষায়, “বারানসি আসন যে চ্যালেঞ্জের তা জেনেই মোদিজী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

মোদি গুজরাটের ভাদোদরার পাশাপাশি এই প্রথম নিজের রাজ্যের বাইরে উত্তর প্রদেশের বারানসিতে ভোটের লড়াইয়ে নেমেছেন।

এই আসনকে কেন বেছে নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী- তার উত্তর খুঁজতে গিয়ে বারানসি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র অনীল কুমার বিশ্বাস সম্ভাব্য দুটি কারণ পেয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমত, উত্তর প্রদেশে গান্ধী পরিবার প্রতিদ্বন্দ্বিতা করে; দ্বিতীয়ত, এখানে মুসলিম ভোটার সংখ্যা অন্য যে কোনো রাজ্যের চেয়ে বেশি।”

অনীল বিশ্বাসের মতে- গান্ধীদের এলাকায় নিজের সক্ষমতা দেখাতে চান মোদি; পাশাপাশি বোঝাতে চান মুসলিম অধ্যুষিত অঞ্চলেও তার জনপ্রিয়তার কমতি নেই।

এক যুগ আগের গুজরাট দাঙ্গার দায় থেকে আদালত থেকে মোদি রেহাই পেলেও ভারতের মুসলিমদের মনে এখনো মোদিকে নিয়ে শঙ্কা মুছে যায়নি।

সেই কথাই বললেন কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের নির্বাচন সমন্বয়কারী রাবেয়া কালাম।

“বারানসি আসনে ১৬-১৭ শতাংশ মুসলিম ভোট আছে। তারা কিছুতেই মোদিকে ভোট দেবেন না,”  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, মুরলী মনোহর যোশী জিতলেও মোদির জেতাটা অত সহজ হবে না। কারণ তাকে নিয়ে মুসলিমদের পাশাপাশি অসাম্প্রদায়িক মনোভাবের সবারই ভয় রয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্র অনীল বললেন, “এজন্যই লড়াইটা এখন সেয়ানে-সেয়ানে হবে। শেষ মুহূর্তে ভোটের হাওয়া কোনদিকে ঘোরে,  তা বোঝা শক্ত।”

দিল্লি থেকে আসা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে প্রচার মাধ্যমে যতটা হৈ চৈ দেখা গেছে, একদিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে সেরকম কিছু মনে হয়নি।

অন্যদের বর্ণিল প্রচারের মধ্যে বারানসিতে প্রচার চালাতে এসে নাজেহাল হওয়া কেজরিওয়ালের একরঙা পোস্টার ছাড়া আর কিছু নজরে আসেনি। কয়েকজন ভোটার বললেন, “হি ইজ মাইনোরিটি।”

তবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই রাজনীতিকের প্রতি মধ্যবিত্ত শ্রেণির মানুষের আকর্ষণ ধরা পড়েছে তাদের সঙ্গে কথা-বার্তায়।

কেজরিওয়ালের কর্মী অনীতা দেবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতকে সামনে দিকে এগিয়ে নিতে হলে সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক নেতা চাই। কংগ্রেস কিংবা বিজেপিতে তেমন কেউ নেই। ভোটাররাও এখন পরিবর্তন চায়।”

ভোটের ফল কী হবে বলে মনে করছেন- জানতে চাইলে তার উত্তর- “কেজরিওয়ালজী চমক দেখাতে পারেন। সবুর করুন।”

হিন্দুদের কাছে পবিত্র নদী গঙ্গা নদীর ধারে গড়ে ওঠা প্রাচীন নগরী বারানসিতে আছে বিশ্বনাথ মন্দির। বহুকাল ধরে হিন্দু তীর্থযাত্রীরা কাশীতে গঙ্গাস্নানে আসেন।

বিশ্বনাথ মন্দিরের পাশে পুরনো একটি মসজিদের জমি নিয়ে বিরোধ রয়েছে বলে বেশ কয়েকজন মুসলিম অধিবাসী অভিযোগ করেন। এ নিয়ে মামলা চলায় এখানে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকে।

অনেক প্রত্নতাত্ত্বিক নির্দশন থাকলেও উত্তর প্রদেশের অন্য শহরগুলোর তুলনায় বারানসিতে বিশৃঙ্খলা বেশি দেখা গেছে। সারা ভারত থেকেই শুধু নয়, অনেক বিদেশিও আসে বলে শহরের যান চলাচল ব্যবস্থা ঠিক রাখতে পুলিশকে হিসশিম খেতে দেখা যায়।

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ মন্দিরের পাশে পুণ্যার্থী শিবরাম মিশ্রাকে গঙ্গাস্নানের পর ফেরার পথে উচ্চকণ্ঠে বলতে শোনা যায়, “মোদিজী ক্যা জিন্দাবাদ।”

৬৩ বছর বয়সী মোদি তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবার ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য লড়ছেন। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্ম, কট্টর হিন্দু দল আরএসএস থেকে বিজেপিতে আসেন তিনি।

হিন্দুত্ববাদকে আশ্রয় করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া বিজেপির মধ্যে কট্টর বলে পরিচিত মোদিকে বারানসিতে জয়ী করতে শহরের সিগরা সড়কের পাশে এপার্টমেন্ট ভাড়া নিয়ে বিশাল কার্যালয় খুলেছে বিজেপি। এর চারপাশে উড়ছে পদ্মফুল খচিত হলুদ-সবুজ পতাকা।

মঙ্গলবার সকালে ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, মোদির ছবির পাশে শ্রীকৃষ্ণের মূর্তি। মোদির ছবি সম্বলিত বিশাল গাড়িতে বড় টিভি রেখে মোদির বক্তব্য প্রচার করা হচ্ছে।

মোদির প্রধান নির্বাচন সমন্বয়কারী অশোক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারানসি হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান। একইসঙ্গে মুসলিম ভোটও বেশ আছে।

“আমাদের এবারের স্লোগান- এক ভোট, এক ভারত চাই। ঐক্যবদ্ধ ভারত গড়তে হলে মোদিজীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। আমাদের বিশ্বাস তা-ই হবেই হবে।”

তবে ভোটের ফল যাই হোক, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে, তার প্রত্যাশায় আছেন বারানসির ব্যবসায়ীরা, যে শহরটি শাড়ি তৈরির জন্য সারাভারতে পরিচিত।

বারানসি মার্কেটের বেনারশী শাড়ির এক দোকানের মালিক সত্যজিৎ এইচ উপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই শাড়ি তৈরি হয় মুসলিম মালিকদের কারাখানায়, আর অধিকাংশ বিক্রেতা হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের। এই সহাবস্থান থাকুক, এটা চাই।”

মোদির পক্ষে সরাসরি বক্তব্য না দিলেও তিনি বলেন, “ভারতকে সামনের দিকে নিতে হলে উন্নয়নকে যারা প্রধানতম অগ্রাধিকার দেবে, তাদেরকে দায়িত্ব দেয়া উচিৎ। সেদিক থেকে বারানসি আসনের প্রার্থীদের গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি।”

বারানসির সোনারপুরা এলাকার বাসিন্দাদের ৭০ ভাগই পশ্চিমবঙ্গ,আসামের বাংলাভাষী মানুষ। এখানে আছে বঙ্গীয় সাহিত্য পরিষদসহ ররীন্দ্রনাথের নামে নানা সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম।

বাঙালি খাবারের দোকানও রয়েছে এখানে। আছে বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ির দোকানও, এই দোকান মালিকদের অনেকে মুক্তিযুদ্ধের সময় ভারতে পাড়ি জমিয়েছিলেন।

কুমিল্লার জন্ম নেয়া ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামীতে ভারতের জন্য একটি অসম্প্রদায়িক সরকার চাই। তা না হলে ভারতের সামনের দিকে এগুনো কঠিন হয়ে পড়তে পারে।”

(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ)