২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোদির নেতৃত্ব ভারতের জন্য ভাল হবে না’

লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির নেতৃত্বে সরকার গঠিত হলে তা ভারতের জন্য ‘খুব ভাল কিছু হবে না’বলেই মনে করছেন প্রবীণ অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অমর্ত্য সেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 09:08 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

তবে শুরু থেকেই মোদির সমালোচনার পক্ষপাতিও তিনি নন বলে জানিয়েছেন।

দীর্ঘদিন লোকসভা নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত ছিলেন সেন। কিন্তু এবার নির্বাচনের বিশেষ গুরুত্ব উপলব্ধি করে সুদূর নিউ ইয়র্ক থেকে উড়ে এসে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোট দেন ৮০ বছর বয়সী এই অর্থনীতিবিদ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের বোলপুর এলাকার ভোটার। নিউ ইয়র্ক থেকে দিল্লির বিমানবন্দরে নামার পর অমর্ত্য সেন এনডিটিভি’কে বলেন, তিনি ১৩ বছর পর ভোট দিতে এসেছেন। “যদিও আমি ৮০ বছর বয়সে উপনীত হয়েছি; আমি মনে করি এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।”

এবারের নির্বাচনে মোদির কঠোর সমালোচনা করছেন অমর্ত্য সেন।

মোদির নেতৃত্বে ভারতে সরকার গঠিত হলে একে কিভাবে দেখবেন? এ প্রশ্নের জবাবে সেন বলেন, “ভারতের জন্য তা খুব ভাল কিছু হবে না বলেই মনে করি। তবে এনিয়ে এক্ষুনি আমি হতাশ হয়ে যাওয়ার পক্ষপাতিও নই। মোদির শাসন নিয়ে শুরুতেই নিরুৎসাহ দেখাতে চাই না। নিরুৎসাহিত হওয়ার মাত্রা আছে।”

মোদি সরকার গঠন করলে অনেকে ভারত ছাড়বেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ‘আহাম্মকি’ বলে মনে কারেন অমর্ত্য সেন।

তবে নির্বাচনে মোদির পরিবর্তে বিজেপি’র অন্য কোনো নেতার নেতৃত্ব পছন্দ করতেন বলেও আভাস দেন তিনি।

“বিজেপি’র অনেক নেতার সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে। যদিও আমি কখনো বিজেপি সমর্থক হব না তবুও দলটির অনেক নীতিই আমার কাছে বেশ পছন্দসই।”

তবে কংগ্রেস সমর্থকও নন বলে দাবি করেন সেন। “কংগ্রেসের অতীতও খুব ভালো নয়,”বলেন তিনি।

পুরনো খবর:

ক্ষমা চাইব না: অমর্ত্য সেন
‘রাহুলজি’কেই চান তারা
‘ভারতরত্ন’ ফিরিয়ে দিতে প্রস্তুত: অমর্ত্য সেন
বাড়াবাড়ি হয়ে গেছে, কবুল করলেন চন্দন